রংপুরে সরকারি কলেজে বেসরকারি কর্মচারীদের চাকরি সরকারিকরণের দাবিতে মানববন্ধন

ফন্ট সাইজ:

দেশের ৩৫০টি সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি সরকারিকরণের দাবিতে রংপুরে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রেস ক্লাব চত্বরে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের সভাপতি আজহার আলীর সভাপতিত্বে এতে বক্তৃতা করেন, সাধারণ সম্পাদক আবুল কাশেম, বিজয় গোপাল চন্দনসহ রংপুরের বিভিন্ন সরকারির কলেজের বেসরকারি কর্মচারীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সরকারি কলেজগুলোতে ৩য় ও ৪র্থ শ্রেণির প্রায় ৮০ শতাংশ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বেসরকারি কর্মচারীদের দ্বারা সম্পন্ন হয়। অথচ দীর্ঘ এক থেকে আড়াই দশক ধরে সেবা দেয়ার পরও তাদের চাকরি স্থায়ী করা হয়নি। ২০১৩ এবং ২০২০ সালে শিক্ষা অধিদপ্তর জনবল নিয়োগ দিলেও সুপ্রিম কোর্টের রিট মামলার নির্দেশনা মোতাবেক অভিজ্ঞ এই কর্মচারীদের কোনো অগ্রাধিকার দেয়া হয়নি। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ৮-১২ হাজার টাকা মাসিক বেতনে উচ্চ মূল্যের বাজারে পরিবার-পরিজন নিয়ে কর্মচারীরা চরম মানবেতর জীবনযাপন করছেন।

অর্থাভাবে বিনা চিকিৎসায় ইতিমধ্যে অনেক সহকর্মী মৃত্যুবরণ করেছেন এবং অনেকের চাকরি চলে গেছে। ইতিপূর্বে ২০২০ সালে জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা ১৮ দিন কাফনের কাপর পরিহিত অবস্থান কর্মসূচি পালন ও পরবর্তীতে বিভিন্ন সময় মানববন্ধন ও স্মারকলিপি দেয়া হলেও কর্তৃপক্ষের আশ্বাসের পর আজ পর্যন্ত কর্মচারীদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।

তারা দাবি জানিয়ে বলেন, সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বখাতে স্থানান্তর করতে হবে। চাকরি রাজস্বখাতে স্থানান্তরের পূর্ব পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতাদি প্রদান করতে হবে। বহুদিন ধরে অস্থায়ীভাবে কর্মরতদের বাইরে রেখে নতুন নিয়োগ বন্ধ করতে হবে এবং কর্মরতদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ প্রদান করতে হবে। এ সময় সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বখাতে স্থানান্তরসহ ৪ দফা দাবি জানানো হয়।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন