জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে গোসল করতে নেমে রাফি (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কলেজ ক্যাম্পাসের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফি সরকারি আশেক মাহমুদ কলেজ এলাকার বাসিন্দা ইমাম মুক্তি মিয়ার ছেলে। তিনি ঢাকার সেন্ট্রাল কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্বজনদের বরাত দিয়ে জানা যায়, দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে গোসল করতে যায় রাফি। পুকুর ঘাটে তার চশমা, স্যান্ডেল ও কপড় পড়ে থাকতে দেখে তাকে খুঁজতে থাকে বন্ধুরা। কিন্তু কোথাও না পেয়ে কয়েকজন পানিতে নেমে খোঁজাখুঁজির পর তাকে পানিতে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার (ইএমও) ডা. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাফিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
