লালমোহনে হতদরিদ্র পরিবারের মধ্যে ছাগল বিতরণ

ফন্ট সাইজ:

ভোলার লালমোহন উপজেলায় হতদরিদ্র ২৫টি পরিবারের জীবনমান উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে বকরি ছাগল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের আবুগঞ্জ বাজারে বেসরকারি উন্নয়ন সংস্থা দ্বীপ উন্নয়ন সোসাইটির (ডাস) উদ্যোগে প্রত্যেক পরিবারের মাঝে দুইটি করে ছাগল বিতরণ করা হয়। এর আগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বিশেষ অনুদানের আওতায় হতদরিদ্রদের ছাগল পালন কর্মসূচির উপকারভোগীদের প্রশিক্ষণ ও ছাগল বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক। এ সময় তিনি বলেন, ছাগলগুলো শুধু সহায়তা নয়, বরং উপকারভোগীদের স্বাবলম্বী হওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই এগুলোর যথাযথ পরিচর্যা ও লালন-পালন নিশ্চিত করতে হবে। পরিশ্রম ও আন্তরিকতার মাধ্যমে এই প্রকল্পের সফলতা অর্জন করলে ভবিষ্যতে আরও বড় ধরনের সহায়তা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে বলেও জানান ইউএনও। দ্বীপ উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মো. ইউনুছ মিয়ার সভাপতিত্বে এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ, দ্বীপ উন্নয়ন সোসাইটির পরিচালনা পর্ষদের সদস্য মো. জাহিদুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা হারুন অর রশিদ বাবুল, হিসাবরক্ষক আব্দুল হাইসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন