মালয়েশিয়ান গৃহবধূকে দেখতে উপচেপড়া ভিড়

ফন্ট সাইজ:

বরিশালের গৌরনদী উপজেলার বিয়ের দুই বছর পর স্বামীর টানে ছুটে এলেন এক মালয়েশিয়ান তরুণী। তাকে দেখতে বাড়িতে এখন উপচেপড়া ভিড়।
প্রবাসী সুমনের পরিবারের সদস্যরা জানান, ২০১১ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান সুমন। পরবর্তীতে সেখানে ব্যবসা শুরু করেন। ২০২৪ সালে মালয়েশিয়ান এক তরুণীকে বিয়ে করেন। বিয়ের পর তারা এতদিন মালয়েশিয়ায় ছিলেন। কোরবানির ঈদের দিন সুমন তার স্ত্রীকে নিয়ে দেশে আসেন।

প্রবাসী সুমন বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার দামানছাড়া এলাকায় ব্যবসা করছি। ২০২২ সালে মালয়েশিয়ার ভানতিং এলাকার তরুণী নুর হিদায়া নুর হিসামের সঙ্গে ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২৪ সালে আমাদের উভয়ের পরিবারের সম্মতিতে মালয়েশিয়ায় আমাদের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর আমি একবারও দেশে আসিনি। বিয়ের পর আমার স্ত্রী তার শ্বশুরবাড়ি বাংলাদেশে বেড়াতে আসবে, আমার গ্রামের মানুষের সঙ্গে মিশবে, কথা বলবে বলে জানায়। যে কারণে দুই সপ্তাহের জন্য স্ত্রীকে নিয়ে বাংলাদেশে বেড়াতে এসেছি। এতে আমাদের দুই পরিবার খুব খুশি হয়েছে।
তিনি আরও জানান, ‘আমার বিদেশি স্ত্রী বাংলাদেশে এসে আমার মা, ভাই-বোন ও আত্মীয়-স্বজনদের সঙ্গে মিশতে পেরে আনন্দ উপভোগ করছে। সে অল্প বাংলা বলতে পারে। বিশেষ করে আমাদের জাতীয় সংগীত পাঠ করতে পারে। গ্রামের মানুষের সঙ্গে বাংলায় অল্প করে কথা বলতে শিখেছে। স্ত্রীকে নিয়ে সমুদ্র সৈকত কক্সবাজার ও কুয়াকাটা বেড়াবো, তারপর আবার দু’জনই মালয়েশিয়া চলে যাবো।’

এদিকে মালয়েশিয়ান গৃহবধূকে দেখতে সুমনের বাড়ি এখন লোকে লোকারণ্য। অনেক দূর থেকেও ছুটে আসছেন বিদেশি বাংলায় কথা বলা গৃহবধূকে এক নজর দেখতে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন