কোস্ট গার্ডের অভিযানে ২৫ হাজার পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

ফন্ট সাইজ:

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা। বৃহস্পতিবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং সংলগ্ন নাফ নদে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত নৌকায় তল্লাশি চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত চার মাদক কারবারিকে আটক করা হয়। কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা। এ ছাড়া, মাদক পাচারের কাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকাটিও জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

সাব্বির আলম সুজন বলেন, দেশে ভয়াবহ মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন