আমির খানের নয়া ইনিংস

আমির খানের নয়া ইনিংস

ফন্ট সাইজ:

বাংলায় জনপ্রিয় একটি গান আছে- ‘চুল পাকিলে লোকে হয় না বুড়ো, আসল প্রেমের বয়স এই তো শুরু...’। এ কথাই সত্যে পরিণত হচ্ছে বলিউডের সুপারস্টার আমির খানের ক্ষেত্রে। তিনি ৬০ উত্তীর্ণ। তবে শরীরে এখনো প্রেমের জোয়ার আছে। তাতে ধরা পড়েছেন এবার গৌরি স্প্র্যাট। শুধু চুটিয়ে প্রেমই নয়, এবার তারা বিয়েও করতে যাচ্ছেন। আগামী ৫ই জুলাই একান্ত ব্যক্তিগত আয়োজনে প্রেমিকা গৌরি স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন আমির খান। এনডিটিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সূত্রগুলো।

এর আগে আমির খানের দু’টি বিয়ে হয়। তার সাবেক দুই স্ত্রী হলেন- রীনা দত্ত এবং কিরণ রাও। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, গৌরি স্প্র্যাটের সাত বছর বয়সী একটি সন্তান আছে। গত বছর নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে গৌরিকে পরিচয় করিয়ে দেন আমির খান। সেই অনুষ্ঠানে আমির জানান, গৌরি তার প্রযোজনা প্রতিষ্ঠানে কাজ করছেন।

সম্পর্ক প্রকাশ্যে আনার আগে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, আমির চলচ্চিত্র অঙ্গনের বাইরের একজন নারীর সঙ্গে সম্পর্কে রয়েছেন। গণমাধ্যমের নজর থেকে সম্পর্ক গোপন রাখার বিষয়ে মজা করে আমির বলেন, ‘দেখা, কুছ ভি পতা নেহি চলনে দিয়া ম্যায়নে তুম লোগো কো’। অর্থাৎ ‘দেখলে তো, তোমাদের কাউকেই টের পেতে দিইনি।’
সম্পর্ক প্রকাশ করার আগে প্রায় ১৮ মাস ধরে বিষয়টি গোপন রেখেছিলেন তিনি। গত বছর সাংবাদিকদের উদ্দেশ্যে রসিকতা করে তিনি বলেন, প্রথমত, সে ব্যাঙ্গালুরুতে থাকতো, অন্তত সাম্প্রতিক সময় পর্যন্ত। তাই আমি ওর সঙ্গে দেখা করতে সেখানে যেতাম। সেখানে গণমাধ্যমের নজরদারিও কম। ফলে আমরা সবার চোখের আড়ালেই থাকতে পেরেছি।
কে এই গৌরি স্প্র্যাট?
গৌরি স্প্র্যাট মূলত ব্যাঙ্গালুরুর বাসিন্দা এবং জীবনের অধিকাংশ সময় সেখানেই কাটিয়েছেন। তিনি রিটা স্প্র্যাটের মেয়ে। রিটা ব্যাঙ্গালুরুর একটি বিউটি স্যালনের মালিক ছিলেন। গৌরির লিংকডইন প্রোফাইল অনুযায়ী, তিনি ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা করেছেন। পরে ২০০৪ সালে লন্ডনের ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে এফডিএ স্টাইলিং অ্যান্ড ফটোগ্রাফি বিষয়ে কোর্স সম্পন্ন করেন। প্রোফাইল অনুযায়ী, বর্তমানে তিনি মুম্বইয়ে একটি বিব্লান্ট স্যালন পরিচালনা করছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তার একটি সাত বছর বয়সী সন্তান রয়েছে।

আমির খানের আগের দুই বিয়ে
আমির খান ১৯৮৬ সালে তার শৈশবের প্রেমিকা রীনা দত্তকে গোপনে ও ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন। তাদের দুই সন্তান ছেলে জুনায়েদ এবং মেয়ে ইরা। জুনায়েদ ইতিমধ্যে চলচ্চিত্র জগতে কাজ শুরু করেছেন। অন্যদিকে ইরা মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করেন। ১৬ বছরের দাম্পত্য জীবনের পর ২০০২ সালে আমির ও রীনার বিচ্ছেদ হয়। পরে ২০০৫ সালে আমির বিয়ে করেন কিরণ রাওকে। ২০০১ সালের চলচ্চিত্র ‘লগন’-এর শুটিংয়ের সময় তাদের পরিচয় হয়। সে সময় কিরণ সহকারী পরিচালক হিসেবে কাজ করছিলেন। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হলেও তারা এখনো যৌথভাবে ছেলে আজাদের দায়িত্ব পালন করছেন। সারোগেসি বা গর্ভ ভাড়ার মাধ্যমে আজাদের জন্ম হয়।

গৌরিকে নিয়ে আমিরের অনুভূতি
সম্প্রতি নবভারত টাইমস’কে দেয়া এক সাক্ষাৎকারে আমির খান বলেন, গৌরি তার জীবনে আসার পর তিনি খুব সুখী সময় পার করছেন। তিনি বলেন, আমি খুব সৌভাগ্যবান যে, গৌরির সঙ্গে আমার দেখা হয়েছে এবং আমাদের সম্পর্ক শুরু হয়েছে। সে অসাধারণ একজন মানুষ। ওর সঙ্গে থাকলে আমি মানসিক শান্তি অনুভব করি। তিনি আরও বলেন, কিরণ এবং রীনার সঙ্গে আমার সম্পর্কও গভীর ছিল। কিন্তু সেগুলো শেষ পর্যন্ত টেকেনি। যখন আপনি এই প্রশ্ন করলেন, তখন মনে হলো আমি সত্যিই আশীর্বাদপুষ্ট যে গৌরি আমার জীবনে এসেছে। আমরা একসঙ্গে খুব সুখে আছি। মুঝে লাগতা হ্যায় আব ম্যায় জাকে মুকাম্মাল হুয়া হুঁ। অর্থাৎ ‘আমার মনে হয় আজ আমি পরিপূর্ণ হয়েছি’।

গত এক বছরে আমির ও গৌরিকে একাধিকবার একসঙ্গে দেখা গেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল চীনে অনুষ্ঠিত ম্যাকাও ইন্টারন্যাশনাল কমেডি ফেস্টিভ্যালে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন