ফুলবাড়ীতে রমজানের শুরুতেই বাজারে আগুন

ফুলবাড়ীতে রমজানের শুরুতেই বাজারে আগুন

ফন্ট সাইজ:

দিনাজপুরের ফুলবাড়ীতে রমজানের শুরুতেই খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। মাছ-মুরগি, সবজি, ডাল, মাংস থেকে শুরু করে খেজুরÑপ্রায় সব পণ্যের দাম বেড়েছে দুই দিনের ব্যবধানে। এতে সাধারণ ক্রেতারা পড়েছেন চরম ভোগান্তিতে। বাজার ঘুরে দেখা যায়, মাত্র দুই দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি বেড়েছে ৫০ টাকা। আগে যেখানে ১৭০ টাকায় ব্রয়লার বিক্রি হতো, বর্তমানে তা ২২০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে ৩২০ টাকার সোনালি মুরগি এখন ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক দিনের ব্যবধানে সোনালি মুরগির দামেও স্পষ্ট বৃদ্ধি লক্ষ্য করা গেছে। গরুর মাংসের দাম কেজিতে ৫০ টাকা বেড়ে বর্তমানে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে, যা রোজার আগে ছিল ৬৫০ টাকা। খাসির মাংসের দাম আরও বেশি বৃদ্ধি পেয়ে ১০০০ টাকা থেকে বেড়ে ১২০০ টাকায় দাঁড়িয়েছে। সবজির বাজারেও অস্থিরতা বিরাজ করছে। আলু ও পেঁপে ছাড়া অধিকাংশ সবজি ১০০ টাকার নিচে মিলছে না। ২৫-৩০ টাকার বেগুন এখন বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকায়। ৩০ টাকার শসা ৪০-৫০ টাকায়, আর ৬০ টাকার কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকায়। এ ছাড়া রমজান মাসের অতি প্রয়োজনীয় ডালের বাজারেও ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। ১৩৫ টাকার ডাল এখন ১৪০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে। মোটা দানার মসুর ডাল ৯০ টাকা থেকে বেড়ে ১২০ টাকা এবং এঙ্কর ডাল ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি আটা, সয়াবিন তেল ও পিয়াজের দামও বেড়েছে। এদিকে খেজুরের বাজারেও দেখা গেছে চড়া দাম। রমজানের আগে দাবাস খেজুর ৪৯০-৫০০ টাকায় বিক্রি হলেও এখন তা ৫৫০-৫৭০ টাকায়। কালমি, সুক্কারি, মাবরুম, মরিয়ম ও মেডজুল খেজুরের দামও কেজিতে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে দাম বাড়ায় তারা বেশি দামে বিক্রি করছেন। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, রমজানে চাহিদা বাড়ার সুযোগে খুচরা বিক্রেতারা অতিরিক্ত মুনাফা করছেন। এ বিষয়ে ফুলবাড়ী সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সামিউল ইসলাম বলেন, অহেতুক দাম বৃদ্ধি করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন