রাতভর ইসরাইলি বিমান হামলায় গাজায় অন্তত ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলার সময় অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন। কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই হামলা চালানো হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ শিশুও রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। হামলার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।
এ সময় হামলায় ক্ষতিগ্রস্ত একটি স্থাপনায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভয়াবহ ওই ঘটনায় শিশু, নারী ও বয়স্ক সদস্যসহ একটি পরিবার জ্বলন্ত অ্যাপার্টমেন্টে আটকা পড়ে। উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করলেও পরিস্থিতি অত্যন্ত কঠিন ছিল। চিকিৎসকরা জানিয়েছেন, বেশ কয়েকজন গুরুতর দগ্ধ হয়েছেন। চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে এসব হামলার ঘটনা ঘটলো ইসরাইল। গাজার সরকারি মিডিয়ার দাবি, গত বছরের অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর ইসরাইলি বাহিনী ৩ হাজারেরও বেশি হামলার ঘটনা ঘটিয়েছে।
মিডিয়া অফিসের তথ্যমতে, এতে অন্তত ৯০০ ফিলিস্তিনি নিহত এবং ২ হাজারের বেশি আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, তারা তুলনামূলক শান্ত পরিস্থিতির মধ্যে রাতের ঘুমে গিয়েছিলেন। কিন্তু বিস্ফোরণের শব্দ, আগুন এবং ধ্বংসস্তূপের দৃশ্য দেখে তাদের ঘুম ভাঙে। হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইসরাইলি কর্তৃপক্ষ।
