দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার সকালে একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এরপর সকাল ৯টা ১৪ মিনিটে বিমানবন্দর থেকে বের হন ড. খলিলুর রহমান।
বিমানবন্দর থেকে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে ড. খলিলুর রহমানের।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন খলিলুর রহমান। গত মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে ৮ ভোটে পরাজিত করে এক বছরের জন্য এই পদে নির্বাচিত হন তিনি।
ড. খলিল দ্বিতীয় বাংলাদেশি হিসেবে মর্যাদাপূর্ণ এই পরিষদের সভাপতি নির্বাচিত হলেন। তিনি আগামী সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করা ড. খলিলুর রহমানকে বিএনপি নেতৃত্বাধীন সরকার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নেয়।
