কিশোরগঞ্জে নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করায় পরীক্ষার্থীর কারাদণ্ড

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করার অপরাধে সুব্রত দাস (২৯) নামে এক পরীক্ষার্থীকে মোবাইল কোর্টে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া, তাকে ১০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুইদিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ে ২০তম গ্রেডের ৫৯টি শূন্যপদে নিয়োগের লিখিত পরীক্ষা চলাকালে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ২১২নং কক্ষে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. রিয়াদ হোসেন এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। দণ্ডিত সুব্রত দাস জেলার মিঠামইন উপজেলার বড়হাটি গ্রামের মৃত সুধাংশু দাসের ছেলে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের অধীন ২০তম গ্রেডের অফিস সহায়ক পদে ৫৫টি, নিরাপত্তা প্রহরী পদে ৩টি এবং পরিচ্ছন্নতাকর্মী পদে ১টিসহ মোট ৫৯টি শূন্যপদে নিয়োগের লিখিত পরীক্ষা শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত কিশোরগঞ্জ সদর, করিমগঞ্জ, কটিয়াদী, পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এর মধ্যে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ২১২নং কক্ষে পরীক্ষা চলাকালে ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করেন পরীক্ষার্থী সুব্রত দাস। বিষয়টি সংশ্লিষ্টদের নজরে এলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ হোসেন মোবাইলে কোর্টের মাধ্যমে ওই পরীক্ষার্থীকে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড; অর্থদণ্ড অনাদায়ে আরও দুইদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও নির্বাচনী কমিটির সভাপতি মোহাম্মদ নাহিদ হাসান খান বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি আদেশ অমান্য করে জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জের নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের লক্ষ্যে ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করার অপরাধে তাকে মোবাইল কোর্টে দণ্ড দেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন