গাজা পুনর্গঠনে ৭০০ কোটি ডলারের সহায়তা ঘোষণা করলেন ট্রাম্প

গাজা পুনর্গঠনে ৭০০ কোটি ডলারের সহায়তা ঘোষণা করলেন ট্রাম্প

ফন্ট সাইজ:

গাজায় যুদ্ধপরবর্তী ত্রাণ ও পুনর্গঠন কাজের জন্য ৭০০ কোটি ডলারের বিশাল তহবিল ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নবগঠিত বোর্ড অফ পিসের প্রথম বৈঠকে এই ঘোষণা দেন তিনি। তবে এই উদ্যোগ নিয়ে পশ্চিমা মিত্রদের মধ্যে বিভক্তি এবং হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। এ খবর দিয়েছে বিবিসি।

বৃহস্পতিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত এই বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বেশ কয়েকটি দেশ এই তহবিলে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে। দাতা দেশগুলোর তালিকায় রয়েছে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কুয়েত, বাহরাইন, মরক্কো, কাজাখস্তান, আজারবাইজান এবং উজবেকিস্তান।
বৈঠকে উপস্থিত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন, গাজার সম্পূর্ণ নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত কোনো পুনর্গঠন কাজ শুরু হবে না। তিনি বলেন, আমরা আমেরিকার সাথে একমত হয়েছি যে, গাজাকে নিরাপদ ও অস্ত্রমুক্ত করার আগে সেখানে নতুন কোনো নির্মাণকাজ হবে না।
প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, হামাস নিরস্ত্রীকরণের পথে রয়েছে বলে মনে হচ্ছে, যদিও মাঠপর্যায়ে এর কোনো বাস্তব প্রমাণ এখনো মেলেনি। হামাস স্পষ্ট জানিয়েছে, গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা অস্ত্র ত্যাগ করবে না।

বোর্ডের গাজা বিষয়ক উচ্চপ্রতিনিধি নিকোলে ম্লাদেনভ জানিয়েছেন, গাজার অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটি নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনী গঠনের কাজ শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ২০০০ মানুষ এতে যোগ দিতে আগ্রহ দেখিয়েছেন। তবে ইসরাইল ও যুক্তরাষ্ট্র সাফ জানিয়ে দিয়েছে, এই বাহিনীতে হামাস বা বর্তমান ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) বিতর্কিত সদস্যদের জায়গা দেয়া হবে না। কঠোর যাচাই-বাছাইয়ের মাধ্যমেই এই বাহিনী গঠন করা হবে।

ট্রাম্পের এই ‘বোর্ড অফ পিস’ নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স এবং জার্মানির মতো পশ্চিমা দেশগুলো এই বোর্ডে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের আশঙ্কা, ট্রাম্প এই সংস্থার মাধ্যমে জাতিসংঘকে পাশ কাটিয়ে গাজার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে চাইছেন। তবে সমালোচনার জবাবে ট্রাম্প বলেছেন, আমরা জাতিসংঘের সাথে মিলেই কাজ করব এবং তাদের আবারও মূল ধারায় ফিরিয়ে আনব।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন