বৃটেনের রাজা চার্লস তৃতীয়ের ছোট ভাই প্রিন্স অ্যান্ড্রুকে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ হেফাজত থেকে ছেড়ে দেয়া হয়েছে। বাণিজ্য প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সময় অ্যান্ড্রু দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কাছে গোপনে সরকারি নথি পাচার করেছিলেন বলে অভিযোগ ওঠার পর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
থেমস ভ্যালি পুলিশ জানায়, দিনভর জিজ্ঞাসাবাদের পর তাকে তদন্তাধীন অবস্থায় ছেড়ে দেয়া হয়েছে। পূর্ব ইংল্যান্ডের আয়লশামের একটি পুলিশ স্টেশন থেকে সন্ধ্যা ৭টার কিছু পর তাকে বের হতে দেখা যায়। মুক্তির পর তোলা ছবিতে তাকে গাড়ির ভেতরে স্পষ্টতই বিচলিত দেখাচ্ছিল।
বাকিংহাম প্যালেসকে আগাম জানানো হয়নি বলে জানা গেছে। তবে রাজা চার্লস এক বিবৃতিতে বলেন, আইন তার নিজস্ব পথে চলবে। তিনি আরও জানান, কর্তৃপক্ষকে পরিবারের পূর্ণ সহযোগিতা দেয়া হবে। একই দিনে লন্ডনে একটি ফ্যাশন শোতে যোগ দিলেও এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি রাজা।
২০১০ সালে সরকারি সফরের সময় ভিয়েতনাম, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ সম্পর্কে প্রাপ্ত প্রতিবেদন অ্যান্ড্রু এপস্টেইনের কাছে পাঠিয়েছিলেন বলে সম্প্রতি প্রকাশিত নথিতে উঠে এসেছে। ২০১১ সালে এপস্টেইনের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ প্রকাশ্যে এলে তিনি সরকারের বিশেষ বাণিজ্য প্রতিনিধি পদ থেকে সরে দাঁড়ান।
