প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবদুল্লাহ ছালেহ, অতিরিক্ত প্রেস সচিব রুমন

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবদুল্লাহ ছালেহ, অতিরিক্ত প্রেস সচিব রুমন

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আবু আবদুল্লাহ এম ছালেহ (ছালেহ শিবলী)। বুধবার রাতে সচিব
পদমর্যাদায় তার চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এছাড়া আলাদা প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি হয়েছেন আতিকুর রহমান রুমন। তাকে গ্রেড-২ বেতন স্কেলের সর্বশেষ ধাপে নিয়োগ দেওয়া হয়েছে। তারেক রহমান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকার সময়ও ছালেহ শিবলী তার প্রেস সচিব ছিলেন। চারদলীয় জোট সরকারের সময়ে কলকাতা উপ-হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেছেন শিবলী। তিনি বার্তা সংস্থা ইউএনবি, দৈনিক মানবজমিন, বাংলাবাজার পত্রিকা, বেসরকারি টেলিভিশন চ্যানেল আই’তে রিপোর্টার হিসেবে কাজ করেছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন শিবলী। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক পদেও ছিলেন। অন্যদিকে আতিকুর রহমান রুমন দৈনিক দিনকালে কর্মরত রয়েছেন। দিনকালের সম্পাদক ও প্রকাশক তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর পত্রিকাটির দায়িত্ব পান রুমন। এখন তাকেও এই দায়িত্ব ছাড়তে হবে।

প্রধানমন্ত্রীর পিএস হলেন মেহেদুল, এপিএস সানি
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিবের দায়িত্ব পেয়েছেন মেহেদুল ইসলাম। যিনি এতোদিন বিএনপি চেয়ারম্যানের ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন। আর সরকার প্রধানের সহকারী একান্ত সচিব হয়েছেন আব্দুর রহমান সানি, যিনি বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিবের দায়িত্বে ছিলেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। বলা হয়, মেহেদুল ইসলামকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ পদে গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। আর সানিকে একই শর্তে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ পদে গ্রেড-৬ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে দুই আদেশেই বলা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন