ঈদে পশুর হাট এলাকায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক

ফন্ট সাইজ:

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন সিটি করপোরেশনের পশুর হাট-সংলগ্ন ব্যাংক শাখাগুলো ঈদের আগের দিন পর্যন্ত বিশেষ সময়সূচিতে খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম, রংপুর, খুলনা ও রাজশাহী সিটি করপোরেশনের আওতাধীন পশুর হাট সংলগ্ন ব্যাংক শাখা, উপ-শাখা এবং অস্থায়ী বুথগুলোতে বিশেষ লেনদেন সেবা চালু থাকবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি এবং দক্ষিণ সিটি করপোরেশনের ১১টি পশুর হাটকে কেন্দ্র করে এই বিশেষ ব্যাংকিং সেবা দেয়া হবে। এছাড়া চট্টগ্রামের বিবিরহাট ও সাগরিকা হাট, রংপুরের লালবাগ সদর, খুলনার জোড়া হাট এবং রাজশাহীর সিটি হাট সংলগ্ন শাখাগুলোতেও এ নির্দেশনা প্রযোজ্য হবে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, কোরবানির পশুর হাটগুলোতে বিপুলসংখ্যক ক্রেতা ও ব্যবসায়ীর সমাগম ঘটে এবং বড় অংকের নগদ লেনদেন সম্পন্ন হয়। এ কারণে লেনদেনের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে নিকটবর্তী ব্যাংক শাখা, উপ-শাখা ও হাটে স্থাপিত অস্থায়ী বুথগুলোকে সক্রিয় রাখতে হবে।
এদিকে ঈদের ছুটিতে ২৫শে মে থেকে ৩১শে মে পর্যন্ত টানা সাতদিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। তবে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো ২৫ ও ২৬শে মে বিশেষ ব্যবস্থায় চালু থাকবে। ওই দুইদিন এসব শাখায় সকাল ১০টা থেকে রাত ১টা পর্যন্ত লেনদেন করা যাবে এবং শাখা খোলা থাকবে বিকাল ৩টা পর্যন্ত।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন