গোপালপুরে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও ব্যানার উত্তোলন

গোপালপুরে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও ব্যানার উত্তোলন

ফন্ট সাইজ:

টাঙ্গাইলের গোপালপুরে দীর্ঘদিন বন্ধ থাকা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হঠাৎ জাতীয় পতাকা ও ব্যানার উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। গতকাল ভোররাতে কার্যালয়ের ফটকে দলীয় ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, গোপালপুর থানা গেট থেকে প্রায় ৫০ গজ দূরে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের প্রধান ফটকের সামনে ১০-১২ জন নেতাকর্মী জড়ো হন। উপজেলা আওয়ামী লীগের সম্পাদক সাইফুল ইসলাম সুরুজ তালুকদারের নেতৃত্বে তারা জাতীয় পতাকা ও দলীয় ব্যানার (শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে) উত্তোলন করেন। উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের পর বিক্ষুব্ধ জনতা উক্ত কার্যালয়ে আগুন দেয়। সেই থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল বলেন রাতের বেলা চুপিসারে তারা এ ঘটনা ঘটিয়েছে। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, সেহরির আগ মুহূর্তে তারা কয়েকজন লোক পতাকা এবং ব্যানার টানিয়ে যায়। এতে কারা কারা জড়িত তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন