নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত আনোয়ার হোসেন (৪৮)কে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে আটক করা হয়। ফতুল্লার পশ্চিম তল্লা জসিম মিয়ার ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। আটককৃত আনোয়ার জামালপুর জেলার ইসলামপুর থানার ধনতলা গ্রামের মৃত আব্দুল হাকিমের পুত্র।
জানা যায়, নির্যাতিত শিশুর পরিবার ও অভিযুক্ত আনোয়ারের পরিবার ফতুল্লা থানার পশ্চিম তল্লার জসিম মিয়ার বাসায় পাশাপাশি রুমে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। নির্যাতিত শিশুটির বাবা-মা গার্মেন্টসে কাজ করে। প্রতিদিনের মতো শনিবার সকাল ৮টার দিকে শিশুটির বাবা ও মা নিজ নিজ কর্মস্থলে চলে যায়। পরবর্তীতে সকাল ১১টার দিকে মোবাইলে চার্জ দেয়ার কথা বলে শিশুটির রুমে প্রবেশ করে আনোয়ার হোসেন।
একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির মা জানায়, অভিযুক্ত আনোয়ার ও তারা একই বাসায় পাশাপাশি রুমে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। তারা সকালে শিশুটিকে বাসায় রেখে নিজ নিজ কর্মস্থলে চলে যায়। ঈদের কারণে পার্শ্ববর্তী রুমের ভাড়াটিয়াদের অধিকাংশরাই গ্রামের বাড়িতে চলে যায়। ফলে বাড়িটি প্রায় ফাঁকা ছিল। সেই সুযোগে তার মেয়েকে আনোয়ার ধর্ষণ করে।
তিনি আরও জানান, রাত ৮টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফিরে এলে তার মেয়ে তাকে ধর্ষণের বিস্তারিত ঘটনা খুলে বলে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর আলম জানান, নির্যাতিত শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।
