খুলনা মহানগরীর দৌলতপুর নিশাত কমপ্লেক্সের শুভ জুয়েলার্সের মালিক সুব্রত অধিকারী (৫২) এবং তার ছেলে রিজু অধিকারীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় ছেলে রিজু অধিকারী ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় দৌলতপুর জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আহত সুব্রত অধিকারী জানান, গতকাল বুধবার দিবাগত রাত ১২টার কিছু সময় পর দোকান বন্ধ করে স্ত্রী এবং ছেলেকে নিয়ে স্কুটিতে করে পাবলা নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হই। পথিমধ্যে দৌলতপুর দিবা-নৈশ কলেজ সংলগ্ন শরীফ আমজাদ সড়কে পৌঁছালে একটি মোটরসাইকেলে তিনজন স্কুটির সামনে এসে বলে আপনাদের টাকা পড়ে গেছে। আরেকটি মোটরসাইকেলে তিনজন স্কুটির পেছনে অবস্থান নেয়। এ সময় স্কুটি সেখানে থামা মাত্র দুর্বৃত্তরা আমাকে এবং ছেলেকে কোপাতে থাকে। স্ত্রীসহ আমাদের আত্মচিৎকারে স্থানীয়রা এসে আমাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ছেলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করেছি। এ ব্যাপারে দৌলতপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, মনে হচ্ছে এটি কোনো ছিনতাইয়ের ঘটনা নয়। দুইটি মোটরসাইকেলে ৬ জন ছিল। তাদের মুখে মাস্ক ছিল। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
খুলনায় ব্যবসায়ী ও তার ছেলেকে কুপিয়ে জখম
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
