১০ টাকা লিটার বিক্রি হচ্ছে দুধ

ফন্ট সাইজ:

পবিত্র রমজান মাসে কিশোরগঞ্জের করিমগঞ্জে দশ টাকা লিটারে দুধ বিক্রি শুরু করেছে জেসি অ্যাগ্রো ফার্ম। মাসব্যাপী এই কার্যক্রম চলবে। ক্রেতারা সরাসরি খামারে গিয়ে এই দুধ কিনতে পারবেন। করিমগঞ্জ উপজেলার রৌহা গ্রামের খামারটিতে বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু করা হয়েছে। জেসি অ্যাগ্রো ফার্ম সূত্রে জানা গেছে, তাদের খামারে শতাধিক গরুর মধ্যে ১৮টি গাভী থেকে প্রতিদিন ১০০ থেকে ১২০ লিটার দুধ উৎপাদন হয়। এইসব দুধের পুরোটাই তারা বিক্রি করে দেবেন। একজন ক্রেতা প্রতিদিন সর্বোচ্চ এক লিটার দুধ নিতে পারবেন। রোজাদারদের জন্য ছয় বছর ধরে এই কার্যক্রম পরিচালনা করে আসছেন প্রতিষ্ঠানটির মালিক। ধনী গরিব সবাই দুধ কিনতে পারবেন। তবে গরিবদের অগ্রাধিকার বেশি। বৃহস্পতিবার সকাল ১০টায় খামারে গিয়ে দেখা যায়, সাধারণ মানুষ ভিড় জমিয়েছে দুধ নেয়ার জন্য। নানা বয়সী মানুষ এসেছে দুধ কিনতে। রোজার প্রথম দিন থেকেই ১০ টাকা লিটারে দুধ বিক্রি হচ্ছে। রোজার মাসে এদেশের ব্যবসায়ীরা যখন খাদ্যপণ্যের দাম বাড়ানোর প্রতিযোগিতা করে, সেখানে বিপরীত উদাহরণ তৈরি করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান খামারের মালিক মো. এরশাদ উদ্দিন। এরশাদের গ্রামের বাড়ি করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের রৌহা গ্রামে। গত ছয় বছর আগে এই গ্রামে ‘জেসি অ্যাগ্রো ফার্ম’ নামের খামারটি গড়ে তুলেন তিনি। খামারে কোরবানির ঈদ সামনে রেখে বর্তমানে শতাধিক গরু মোটাতাজা করা হচ্ছে। আরও গরু আনা হবে। এর মধ্যে উন্নতজাতের ১৮টি গাভী পালন করা হচ্ছে। গাভীগুলো প্রতিদিন ১০০ থেকে ১২০ লিটার দুধ দিচ্ছে। সম্পূর্ণ দুধই রোজার মাসে তিনি ১০ টাকা লিটারে বিক্রি করবেন। সে হিসাবে এক মাসে তার খামার থেকে স্বল্পমূল্যে ৩ টনের চেয়ে বেশি দুধ বিক্রি করা হবে। আগামীতেও এ কাজ অব্যাহত রাখবেন বলে তিনি জানান।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন