মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটে আজ মূল বক্তব্য উপস্থাপন করবেন না। একথা জানিয়েছে, তার দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইন সংক্রান্ত ফাইলে তার নাম ওঠা নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সংস্থাটি জানায়, সামিটে তাদের প্রতিনিধিত্ব করবেন আফ্রিকা ও ভারতে তাদের সংস্থার প্রেসিডেন্ট অঙ্কুর ভোরা। তিনি পরে দিল্লিতে আয়োজিত সম্মেলনে বক্তব্য রাখবেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এক্সে দেয়া বিবৃতিতে গেটস ফাউন্ডেশন জানায়, সতর্ক বিবেচনার পর এবং এআই সামিটের মূল অগ্রাধিকারগুলোর ওপর ফোকাস বজায় রাখতে মি. গেটস তার কীনোট (বা মূল বক্তব্য) ভাষণ দেবেন না। তারা আরও বলে, ভারতসহ বিভিন্ন দেশে স্বাস্থ্য ও উন্নয়ন লক্ষ্যে তাদের কাজ অব্যাহত থাকবে।
মঙ্গলবার সকালে সামিটের প্রধান অংশগ্রহণকারীদের তালিকা থেকে বিল গেটসের নাম সাময়িকভাবে সরিয়ে দেয়া হয়েছিল বলে জানা যায়। উচ্চপর্যায়ের সূত্র এনডিটিভিকে জানিয়েছে, সরকার এপস্টেইন কাণ্ডের ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে চায়। তবে পরবর্তীতে তার নাম আবার এজেন্ডায় যুক্ত হয়। সূত্রগুলো বলেছে, সরকার চায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এআই বিষয়ই থাকুক এবং অন্য কোনো বিতর্ক যেন গুরুত্ব না পায়। সোমবার শুরু হওয়া এই সম্মেলনটি এআইভিত্তিক চতুর্থ আন্তর্জাতিক আয়োজন। এর আগে ২০২৩ সালে বৃটেন, ২০২৪ সালে দক্ষিণ কোরিয়া এবং ২০২৫ সালে ফ্রান্সে এই সম্মেলন হয়েছে। এবারের আয়োজনটি এখন পর্যন্ত সবচেয়ে বড়। এখানে ২০টির বেশি দেশের রাষ্ট্রপ্রধান, প্রায় ১০০ জন সিইও ও প্রতিষ্ঠাতাসহ ৫ শতাধিক বৈশ্বিক এআই নেতা অংশ নিচ্ছেন।
গত মাসে মার্কিন আইন মন্ত্রণালয় যে এপস্টেইন সংক্রান্ত নথিপত্র প্রকাশ করে, সেখানে বিল গেটসের নাম উল্লেখ আছে। নথির একটি খসড়া ই-মেইলে দণ্ডিত যৌন অপরাধী জেফ্রে এপস্টেইন দাবি করেছিলেন যে, গেটস বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন। ই-মেইলে বলা হয়, গেটসের সঙ্গে তার সম্পর্ক ওষুধ জোগাড় করা থেকে শুরু করে অবৈধ সাক্ষাতের ব্যবস্থা করা পর্যন্ত বিস্তৃত ছিল। তবে গেটস এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি অস্ট্রেলিয়ার ৯ নিউজকে বলেন, তার সঙ্গে যত মিনিট কাটিয়েছি, প্রতিটির জন্য আমি অনুতপ্ত এবং দুঃখিত।

Mohammad Uddin
৩ মাস আগেThis person is character loss, avoid such a person, even though He complicit in Gaza genocide with Israel.