“যত বই তত প্রাণ”—স্লোগানকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হয়েছে ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা। স্থানীয় সময় শুক্রবার জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে ফিতা কেটে চার দিনব্যাপী এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঔপন্যাসিক ইমদাদুল হক মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক রেহমান সোবহান। উত্তর আমেরিকায় বাঙালি বইপ্রেমীদের অন্যতম বৃহৎ এই মিলনমেলা চলবে আগামী ২৫ মে পর্যন্ত।
প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও কৃষ্টিকে ছড়িয়ে দিতে এবং নতুন প্রজন্মের কাছে নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরতে যুক্তরাষ্ট্রে ধারাবাহিকভাবে এই বাংলা বইমেলার আয়োজন করে আসছে মুক্তধারা ফাউন্ডেশন। এবারের মেলার উদ্বোধক ঔপন্যাসিক ইমদাদুল হক মিলন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক রেহমান সোবহান। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবোধ সরকার, ফারুক মঈনউদ্দীন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর , দীপেন ভট্টাচার্য, তৌফিক ইমরোজ খালিদী এবং সাদাত হোসাইন ।
প্রতি বছরের মতো এবারও বইমেলাজুড়ে থাকছে লেখক, পাঠক ও প্রকাশকদের প্রাণবন্ত আড্ডা। এছাড়া রয়েছে সাহিত্য আলোচনা, সেমিনার ও আকর্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা আয়োজন। উত্তর আমেরিকায় এ ধরনের মেলা বাংলাদেশকে বিশ্বমঞ্চে আরও বৃহত্তর পরিসরে পরিচিত করাবে বলে মনে করেন মেলায় আগত অতিথিরা। সাংবাদিক আশরাফ কায়সার জানান, নতুন প্রজন্মের কাছে বাংলা সাহিত্যের স্বকীয়তা তুলে ধরতে এই আয়োজন অনন্য ভূমিকা রাখবে।
এদিকে বইমেলাকে বাঙালির প্রাণের মিলনমেলা বলে উল্লেখ করেছেন দর্শনার্থীরা। দীর্ঘ সময় ধরে এই মেলা লেখক, প্রকাশক ও পাঠকদের মধ্যে এক নিবিড় যোগসূত্র তৈরি করে আসছে বলে জানান তারা ।
এবারের বইমেলাকে শ্রেষ্ঠ মেলা বলে মনে করেন আয়োজকরা । মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক জিয়া উদ্দিন আহমেদ জানান, মেলাতে বাংলাদেশ-ভারত আমেরিকা থেকে ২৫ বিভিন্ন প্রকাশনা ও সংস্থা অংশ নিচ্ছে ।
আগামী ২৫ মে পর্যন্ত প্রবাসের মাটিতে যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে বইয়ের পাতায় পাতায় প্রবাসীরা খুঁজে নেবেন তাদের শেকড়ের টান। প্রতিদিনই সাহিত্যপ্রেমী, সংস্কৃতিমনা ও নতুন প্রজন্মের পদচারণায় মুখর থাকবে মেলার প্রাঙ্গণ—এমন প্রত্যাশা আয়োজকদের।
