লেবাননে ইসরাইলের সামরিক আগ্রাসন, অস্ত্র বিস্ফোরণে শিশু আহত

লেবাননে ইসরাইলের সামরিক আগ্রাসন, অস্ত্র বিস্ফোরণে শিশু আহত

ফন্ট সাইজ:

দক্ষিণ লেবাননে অবিস্ফোরিত অস্ত্রের ভয়াবহ বিস্ফোরণে এক শিশু মারাত্মকভাবে আহত হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) বরাতে জানা গেছে, টায়ার জেলার দাবাল শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত শিশুটিকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটির তদন্ত শুরু করেছে। এ খবর প্রকাশ করেছে অনলাইন আল জাজিরা।

লেবাননে ইসরাইলের সামরিক আগ্রাসন ও চলমান দখলদারিত্বের কারণে দেশটির বিস্তীর্ণ অঞ্চলজুড়ে মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হিসাব অনুযায়ী, গত এপ্রিল মাসে সংঘাতের শীর্ষ সময়ে ১২ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। বর্তমানে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা কমে প্রায় ৩ লাখ ৩০ হাজারে দাঁড়ালেও পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি।

ইসরাইলি হামলায় লেবাননে এ পর্যন্ত ৪ হাজার ৩৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন হাজার হাজার সাধারণ নাগরিক। সংঘাতকবলিত বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা অবিস্ফোরিত গোলা ও অস্ত্রের কারণে সাধারণ মানুষ, বিশেষ করে শিশুদের জীবন প্রতিনিয়ত চরম ঝুঁকিতে পড়ছে।