আজ থেকে ময়মনসিংহের ত্রিশালে শুরু হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তীর তিনদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। স্থানীয় সরকারি নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে তিনি উপজেলার কানহর এলাকায় ‘ধরার খাল’ খনন কাজের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো ত্রিশাল সাজানো হয়েছে নতুন সাজে। সরকারি নজরুল একাডেমি মাঠে বসেছে নজরুল মেলা। সবমিলিয়ে উপজেলা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাটমন্ত্রী মো. শরীফুল আলম, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, ত্রিশালের সংসদ সদস্য ডা. মো. মাহবুবুর রহমান, বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এবং ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া। ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন নজরুল গবেষক ড. ইঞ্জিনিয়ার মো. খালেকুজ্জামান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল মাওলা এবং নজরুল গবেষক রাশেদুল আনাম।
তৃতীয় ও সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, ত্রিশালের সংসদ সদস্য ডা. মো. মাহবুবুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী এবং ময়মনসিংহের পুলিশ সুপার কামরুল হাসান।
এদিনের আলোচনায় অংশ নেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ, দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার এবং নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সদস্য মো. জেহাদ উদ্দিন। ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর কঠোর নজরদারি রাখা হয়েছে। তিন দিন জুড়ে ত্রিশাল থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থার আওতায়। ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
