চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক ও ট্রেন দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন মিরসরাইয়ের একটি মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী মো. হাসান (১৪) ও হারুনুর রশিদ (৫৫)। এ ছাড়া, বাড়বকুন্ড মুসা কলোনি এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কুমিরা এলাকায় রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় শিক্ষার্থী হাসান।
পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। একইদিন সকাল ১১টার দিকে বার আউলিয়া এলাকায় পৃথক আরেকটি সড়ক দুর্ঘটনায় নিহত হন হারুনুর রশিদ। অন্যদিকে, বাড়বকুন্ড এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল হক জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
