দিশা পাটানির বাড়িতে গুলি, গ্রেপ্তার আরো ১

দিশা পাটানির বাড়িতে গুলি, গ্রেপ্তার আরো ১

ফন্ট সাইজ:

গত বছরের সেপ্টেম্বরে ভারতের উত্তর প্রদেশের বরেলীতে বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনায় নতুন অগ্রগতি হয়েছে। এবার ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে লরেন্স বিষ্ণোই চক্রের ঘনিষ্ঠ মেহফুজ ওরফে ববি কবুতরকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। দিল্লি-গুরগাঁও সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর-পূর্ব দিল্লি থেকেই পুরো ঘটনার পরিকল্পনা পরিচালনা করতেন তিনি। শুধু দিশার বাড়িতে গুলিবর্ষণের ঘটনাই নয়, আরো কয়েকটি আলোচিত অপরাধের সঙ্গেও তার নাম জড়িয়েছে বলে অভিযোগ রয়েছে। তদন্তে উঠে এসেছে, ববি নিজে সরাসরি গুলি না চালালেও হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সরবরাহে তার ভূমিকা ছিল। এসব অস্ত্র বিদেশ থেকে সংগ্রহ করা হয়েছিল বলে সন্দেহ করছে পুলিশ।

বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে ১২ সেপ্টেম্বর গভীর রাতে দিশা পাটানির বাড়িকে লক্ষ্য করে ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছোড়া হয়। অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি এই হামলা চালায় বলে জানা যায়। পরে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডী ব্রার ঘটনার দায় স্বীকার করে। তাদের দাবি ছিল, অভিনেত্রীর বোন খুশবু পাটানির একটি মন্তব্যকে কেন্দ্র করেই এই হামলা চালানো হয়। এই ঘটনায় এর আগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। নতুন করে ববির গ্রেপ্তার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন