মোহাম্মদপুরে ‘কব্জিকাটা’ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড গ্রেপ্তার

ফন্ট সাইজ:

রাজধানীর মোহাম্মদপুরে দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘কব্জিকাটা’ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড এবং ‘আই ডোন্ট কেয়ার’Ñ গ্রুপের প্রধান আহমেদকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার রাতে চাঁদ উদ্যান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে র‌্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবিন রহমান তাপস এসব তথ্য জানান।

তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার (২০শে মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আহমেদকে একটি দেশীয় পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আহমেদ জানায়, তিনি ও তার সহযোগীরা মোহাম্মদপুর, আদাবরসহ আশপাশের বিভিন্ন এলাকায় অস্ত্র, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।

এছাড়া তারা অস্ত্রের মহড়া ও প্রদর্শনের মাধ্যমে জনমনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করতেন বলেও অভিযোগ রয়েছে। র‌্যাব’র দাবি, গ্রেপ্তার আহমেদ ‘কব্জিকাটা গ্রুপ’-এর দ্বিতীয় প্রধান এবং ‘আই ডোন্ট কেয়ার গ্রুপ’-এর নেতৃত্ব দিতেন। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে। র‌্যাব আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসী ও অপরাধচক্রের বিরুদ্ধে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া আলামত ও গ্রেপ্তার আসামিকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন