চট্টগ্রামে দায়িত্ব পালনকালে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস (৫৫) মারা গেছেন। বুধবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েকদিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে কনস্টেবল আব্দুল কুদ্দুস মারা যান।
জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর রাসমনি ঘাট এলাকায় অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযানে অংশ নেন কনস্টেবল কুদ্দুস। এ সময় একটি অটোরিকশা আটক করে মনসুরাবাদ ডাম্পিং স্টেশনে নেয়ার পথে চালক তাকে ধাক্কা দিলে তিনি সড়ক বিভাজনে আছড়ে পড়ে গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।
মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
