ভয়মুক্ত ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করা হবে

ভয়মুক্ত ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করা হবে

ফন্ট সাইজ:

বাংলাদেশে গণমাধ্যমের জন্য একটি ভয়মুক্ত ও স্বাধীন  কাজের পরিবেশ নিশ্চিত করতে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, বিগত বছরগুলোর রাজনৈতিক আন্দোলন ও দীর্ঘ সংগ্রামের পথে গণমাধ্যমের সাহসী ভূমিকা রাজপথের কর্মীদের চেয়ে কোনো অংশে কম ছিল না। সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করাকে নতুন সরকার তাদের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে।
জহির উদ্দিন স্বপন তার বক্তব্যে দেশের গণমাধ্যম সংশ্লিষ্ট সকল সাংবাদিক, নীতিনির্ধারক ও উদ্যোক্তাদের প্রতি নতুন সরকারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে, গণতান্ত্রিক আন্দোলনের সময় গণমাধ্যমের প্ল্যাটফরমগুলো একেকটি লড়াইয়ের ক্ষেত্রে পরিণত হয়েছিল।


সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজবের চ্যালেঞ্জ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত অগ্রগতির কারণে এটি বর্তমানে বিশ্বব্যাপী একটি বড় সংকট হিসেবে দেখা দিয়েছে। প্রযুক্তির এই ক্ষমতার যেমন ইতিবাচক দিক রয়েছে, তেমনি এটি নেতিবাচক চ্যালেঞ্জও তৈরি করেছে। সরকার এই বিষয়টি নিয়ে অত্যন্ত গভীরভাবে চিন্তাভাবনা করছে এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমেই গুজব প্রতিরোধের ব্যবস্থা নেয়া হবে। তিনি বিশ্বাস করেন যে, গণমাধ্যমের মূল লক্ষ্য হওয়া উচিত নির্ভেজাল ও সত্য তথ্য মানুষের কাছে পৌঁছে দেয়া এবং সেই নীতির আলোকেই সরকার সকল সমস্যা সমাধানের উদ্যোগ নেবে।


গতকাল মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর তিনি আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। এদিন শপথগ্রহণের পর সচিবালয়ে নিজ দপ্তরে যাওয়ার আগেই জাতীয় প্রেস ক্লাব পরিদর্শনে যান তিনি। সঙ্গে ছিলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ তাদের স্বাগত জানান। পরে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন তারা। এ সময় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, সহ-সভাপতি কেএম মহসিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি বাছির জামাল, জাতীয় প্রেস ক্লাবের সদস্য কাজী রওনাক হোসেন ও বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের উদ্দেশ্যে জহির উদ্দিন স্বপন বলেন, আমি সব সময় সাংবাদিকদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো। ছাত্রজীবন থেকেই জাতীয় প্রেস ক্লাব আমার সেকেন্ড হোম। ডালপুরি খেয়ে হরতালের কর্মসূচি বাস্তবায়ন করেছি এখানে বসেই।
তিনি আরও বলেন, আমি খুব ভালো করেই জানি, সাংবাদিক সমাজের সমস্যার সমাধান না হলে গণমাধ্যমের সমস্যার সমাধান করা যাবে না। সেই সমাধান আমাদের নেতা তারেক রহমানের পরিকল্পনার মধ্যেই রয়েছে। গণমাধ্যমের স্বাধীনতার আলোকে আমরা কর্মকৌশল ও কর্মপরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরবো। তবে তার আগে সকল অংশীজনের সঙ্গে ধৈর্যের সঙ্গে মতবিনিময় করবো।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন