সুপ্রিম কোর্টের বিচারপতিকে ম্যানেজ করা এবং রায় পক্ষে আনার কথা বলে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ কোটি সাড়ে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে হাইকোর্টের এক ভুয়া আইনজীবীর বিরুদ্ধে। মঙ্গলবার রাজধানীর ফুলবাড়িয়ার সিটি প্লাজা মার্কেটের বেজমেন্টের এক ব্যবসায়ী তার প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী কেএম সোহেল বাংলাদেশ বার কাউন্সিল ও ঢাকা আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ দেয়ার পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) মামলাও করেছেন বলে জানান। তিনি তৈরি পোশাক ব্যবসায়ী এবং সিটি প্লাজা মার্কেটের বেজমেন্টের ব্যবসায়ী সমিতির সভাপতি।
অভিযোগে বলা হয়, সিটি প্লাজার বেজমেন্টে ১৯৯৭ সাল থেকে ৫৩১টি দোকানে ব্যবসা পরিচালনা করে আসছেন ব্যবসায়ীরা। মুন্সীগঞ্জের সিরাজদিখানের বাসিন্দা এবং ‘আদি বাংলা’ গার্মেন্টসের মালিক কেএম সোহেল সাংবাদিকদের জানান, সাবেক মেয়র সাঈদ খোকন ও শেখ ফজলে নূর তাপসের সময় দোকানগুলোর বৈধতা নিয়ে দ্বন্দ্ব শুরু হলে ব্যবসায়ীরা আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নেন। মামলা পরিচালনার দায়িত্ব পেয়ে হাইকোর্টে আইনজীবী খুঁজতে গিয়ে আবুল হাসেমের শরণাপন্ন হন তিনি। চুক্তির বিষয়ে কেএম সোহেল বলেন, উনি সুপ্রিম কোর্টের একজন ল’ইয়ার পরিচয় দেয়। আমার এই মামলা পরিচালনা করার জন্য, আমার সঙ্গে একটা লিখিত চুক্তি করে। চুক্তি করার পরেও বলে যে, ‘আপনে তো মামলার পিটিশনার না, আপনে মার্কেটের সভাপতি। এই মুহূর্তে আপনাকে অ্যাডেড পার্টি করানো যায়। অ্যাডেড পার্টি করলে আপনি মামলার সমস্ত বেনিফিটটা পাবেন। এর জন্য ওর প্যাডের মধ্যে আমার কাছে লিখিত দিয়ে ৫০ লাখ টাকা নেয়, কিন্তু আমাকে অ্যাডেড পার্টিও করেনি।’ মামলার বিভিন্ন পর্যায়ে কোর্ট ও বিচারক ম্যানেজ করার কথা বলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ করে সোহেল বলেন, হাসেমের বক্তব্য ছিল এরকম, আপনাদের এই বেজমেন্টে কার পার্কিং থাকবে, সেখানে দোকান হবে, এটা স্বাভাবিক ব্যাপার না। এটার অর্ডারটা নিতে হবে, নিতে হলে কোর্ট ম্যানেজ করতে হবে। অমুক জায়গায় এককোটি টাকা দিতে হবে,
ওই স্যারকে ৫০ লাখ দিতে হবে এইভাবে। তো এদের নাম দিয়ে দিয়ে আমাদের কাছ থেকে টাকাগুলো নিয়েছে। কোনো একটা রায়ের জন্য ১ কোটি ৬২ লক্ষ টাকা নেয়, সেটার ডকুমেন্টসও আমাকে দেয়। সর্বমোট আমার কাছ থেকে নিয়েছে ৫ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা।
তবে এসব লেনদেনে বিচারপতিদের কোনো সম্পৃক্ততা নেই জানিয়ে তিনি বলেন, কোনো বিচারপতির সঙ্গে আমার দেখাও হয়নি, কথাও হয়নি, টাকা বিনিময় হয়নি। তারা তো টাকা পয়সা নেয়নি, তারা তো দুই নাম্বারি করেনি, তারা তো ঘুষ খায়নি। ঘুষটা বা দুই নাম্বারিটা করছে এডভোকেট আবুল হাশেম। উনাদের নাম বিক্রি করছে। কিন্তু বিচারপতিরা তো ১০ টাকাও আমাদের কাছে চায়নি। প্রভাব বিস্তারের জন্য হাসেম তাকে এক বিচারপতির খাস কামরায় পেছনের দরজা দিয়ে নিয়ে গিয়েছিলেন বলেও অভিযোগ করেন সোহেল। তিনি বলেন, যেই সময় স্যার নাই, রুমে নিয়া বসাইছে, চা খাওয়াইছে, সবই করছে যে এই রুম আমাদেরই। আমাকে দেখাইছে, যে এই রুমগুলো সব আমার।
পরবর্তীতে প্রতারণা বুঝতে পেরে ব্যবসায়ীরা নিজেরাই জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, প্রবীর নিয়োগী ও মোহাম্মদ শিশির মনিরকে নিয়োগ দিয়ে আইনি লড়াই চালিয়ে নিজেদের পক্ষে রায় পান বলে জানান সোহেল।
প্রাপ্ত অভিযোগপত্র, হলফনামা, জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য নথিপত্র অনুযায়ী, ১৯৬৩ সালের ২৫শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করা মো. আবুল হাসেমের বাবা মৃত চাঁদ মিয়া এবং মায়ের নাম সুফিয়া খাতুন। কুমিল্লার নাঙ্গলকোটের চান্দলা গ্রামের এই স্থায়ী বাসিন্দা বর্তমানে ঢাকার পল্টনের আউটার সার্কুলার রোডের অমিত আলফা ক্যাসেলের একটি ফ্ল্যাটে বসবাস করেন। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী না হলেও সুপ্রিম কোর্টে মামলার কন্ট্রাক্ট নিতেন। বাংলাদেশ বার কাউন্সিলের নথিমতে তিনি মূলত ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) সদস্য, যেখানে তার তালিকাভুক্তির তারিখ ২০০৯ সালের ৫ই ডিসেম্বর এবং সদস্য নম্বর ১৯৯৬৮। পুরানা পল্টনের ইব্রাহিম ম্যানশনে নিজের চেম্বারের ঠিকানা ব্যবহার করলেও সুপ্রিম কোর্ট বার ভবনের এনেক্স ভবনের ২১৬ নম্বর রুমটিতেও তিনি বসেন বলে একটি অঙ্গীকারনামায় দাবি করেছিলেন।
মানবজমিনের কাছে আসা একটি নথিতে দেখা যায়, ইব্রাহিম ম্যানশনের ঠিকানাযুক্ত প্যাডে নিজ স্বাক্ষর ও সিল দিয়ে তৈরি করা একটি বিলেই তিনি সর্বমোট এক কোটি চার লাখ টাকা গ্রহণ করেছেন। ওই হিসাবের নথিতে এডভোকেট সোহেল রানার নামে দুই লাখ, এডভোকেট মাহবুবুল ইসলাম হিরার নামে তিন লাখ এবং বিবিধ খরচের নামে এক লাখ টাকা নেয়ার কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। সব অভিযোগের বিষয়ে শাহবাগ থানায় তদন্ত চলমান রয়েছে এবং শাহবাগ থানার এসআই আল মোমেন এই মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানান সোহেল।
এদিকে সার্বিক বিষয়ে জানতে সাংবাদিকদের পক্ষ থেকে মো. আবুল হাসেমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ৫ কোটি টাকা নেয়ার অভিযোগ অস্বীকার করে উল্টো কেএম সোহেলের মামলার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, সে কি মামলার বাদী না বিবাদী? তার তো কোনো পাওয়ার অব অ্যাটর্নি নেই। তার থেকে আমি টাকা নেবো কেন, আর তার সঙ্গে আমি কন্ট্রাক্ট করবো কেন? তারে জিজ্ঞাসা করেন যে আপনি মামলার বাদী না বিবাদী?
সুপ্রিম কোর্টের আইনজীবী কি না এমন প্রশ্নের জবাবে হাসেম বলেন, “না না না, আমি সুপ্রিম কোর্টের আইনজীবী না, আমি বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী। ঢাকা বারের। ঢাকা বারের আইনজীবী হয়ে হাইকোর্টে মামলার কন্ট্রাক্ট নেয়ার বিষয়ে তিনি বলেন, আমি হাইকোর্টে কন্ট্রাক্ট নেইনি তো। আপনার কাছে প্রমাণ থাকলে আপনি প্রকাশ করে দিয়েন। বিচারপতির রুমে নেয়ার বিষয়ে তিনি সোহেলের বিরুদ্ধে রায় চুরির পাল্টা অভিযোগ তুলে বলেন, আমি কেন নেবো? সে তো নিজে জাজমেন্ট চুরি করছে। বিচারপতির ওখান থেকে জাজমেন্ট চুরি কইরা নিয়া আসছিল। পরে ত আবার আইনা দিছে, সে জাজমেন্ট চোর।
