নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনীতির সুফল সব মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তাই দেশের অর্থনীতিতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ থাকতে হবে। বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে বরণ অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
আমীর খসরু মাহমুদ বলেন, দেশের অর্থনীতি হতে হবে সব মানুষের জন্য। দেশের সব মানুষের অংশগ্রহণ থাকবে, এমন অর্থনীতি গড়ে তুলতে হবে। সব পর্যায়ের, সব শ্রেণি-পেশার মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে পারলে সামগ্রিক অর্থনীতিতে পরিবর্তন আনা সম্ভব হবে।
অর্থমন্ত্রী বলেন, ৫ই আগস্ট পরবর্তী সময়ে জনগণের মনোজগতে ব্যাপক পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অর্থনৈতিক কার্যক্রম গ্রহণ করতে হবে। প্রাথমিকভাবে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যেখানে খারাপ অবস্থা রয়েছে সেগুলোকে উন্নয়ন করতে হবে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, আমাদের প্রতিষ্ঠানগুলোর খুব খারাপ অবস্থা। তাই সবার আগে এই প্রতিষ্ঠানগুলোর পুনরুদ্ধার কীভাবে করা যায় তা নির্ধারণ করতে হবে। প্রতিষ্ঠানগুলোতে পেশাদারিত্ব প্রতিষ্ঠা করতে হবে, স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং দক্ষতা বৃদ্ধি করতে হবে। এসব উপাদান অনুপস্থিত থাকলে আমরা যত বড় কর্মসূচিই গ্রহণ করি না কেন, তা কাঙ্ক্ষিত ফল বয়ে আনবে না।
তিনি বলেন, পৃষ্ঠপোষকতার অর্থনীতিকে গণতান্ত্রিক অর্থনীতিতে পরিণত করতে হবে। এটা সফলভাবে করতে হলে আমাদের ডিরেগুলেশন করতে হবে। লিবারালাইজেশন করতে হবে। আমরা শুধু ম্যানুফ্যাকচারিং নির্ভর অর্থনীতিতে না থেকে এটিকে ছড়িয়ে দিতে হবে। খেলাধুলা ও সংস্কৃতি চর্চাসহ বিভিন্ন শ্রেণি-পেশাকে সম্পৃক্ত করতে হবে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বিভিন্ন শ্রেণি-পেশাকে সম্পৃক্ত করার উদাহরণ দিয়ে বলেন, বরিশালের সাধারণ একটি শীতলপাটির দাম ৬০০ বা ৭০০ টাকা। শীতলপাটির কারিগরদের যদি কারু প্রশিক্ষণ, ঋণ, অনলাইন মার্কেটিং এসব সুযোগ তৈরি করে দেয়া যায়, তাহলে তারা বিভিন্ন ডিজাইনের পাটি ও নানা রকমের সামগ্রী তৈরি করতে পারবে এবং এটির বিশাল মার্কেট তৈরি হবে।
অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আলোকে দেশের অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। একইসঙ্গে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সবস্তরের কর্মকর্তাদের সহযোগিতা চান।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আহসান এইচ মনসুর, অর্থ বিভাগের সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আবদুর রহমান খানসহ অর্থ মন্ত্রণালয়ের সব বিভাগের সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য। বিএনপি’র স্থায়ী কমিটির এই সদস্য এর আগে ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বাণিজ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
দেশের অর্থনীতিতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ থাকতে হবে
অর্থনৈতিক রিপোর্টার
১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
