চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক স্থানে দুই ব্যাটারিচালিত অটোরিকশা চালক গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা ও ঘানার মোড় এলাকায় এসব ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন-উপজেলার চুনতি ইউনিয়নের বড়ঘোনা এলাকার শাহ আলমের ছেলে কাইয়ুম শরিফ (১৯) ও বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকার হামিদ হোসেনের ছেলে মো. আকিব (২০)। জানা যায়, আকিব রিকশাযোগে স্থানীয় একটি পাহাড়ি সন্ত্রাসী গ্রুপের খাদ্যসামগ্রী পরিবহন করতো।
পরে তাদের মালামাল পরিবহনে অপরাগতা প্রকাশ করেন। তাই আকিবকে ওই সন্ত্রাসী বাহিনী গুলি করেছে বলে পরিবারের দাবি। আকিবের হাত ও পেটে গুলিবিদ্ধ হয়েছে বলে জানা যায়। অপরদিকে গুলিবিদ্ধ কাইয়ুম শরিফ জানান, চুনতি বাজার থেকে ভাড়া নিয়ে ঘোনার মোড় এলাকায় যান। এ সময় যাত্রীদের নামিয়ে দিয়ে চলে আসার সময় কে বা কারা তাকে গুলি করে। এতে পিঠের একাধিকস্থানে গুলি লাগলে তিনি আহত হন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবদুল্লাহ আল ফাহিম জানান, গুলিবিদ্ধ দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ জানান, এ ব্যাপারে তদন্ত চলছে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
