পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মন্ত্রী দিলীপ ঘোষ মাঝে মাঝেই অদ্ভুত অদ্ভুত দাওয়াই দিয়ে থাকেন। গরু নিয়ে নানা সময়ে করা তার মন্তব্য শোরগোল তৈরি করলেও তিনি নির্বিকার, মঙ্গলবার রাজ্যের পঞ্চায়েত, প্রাণিসম্পদ, কৃষি বিপণন দফতরের মন্ত্রী উত্তর কলকাতার কাঁকুড়গাছিতে চা-চক্রে যোগ দিয়েছিলেন। সেখানে গরুর উপকারিতার কথা জানান তিনি। দিলীপ এদিন বলেন, রক্তচাপ স্বাভাবিক রাখতে গরুর জুড়ি মেলা ভার। গরুকে আদর করলে উচ্চ রক্তচাপ কমে বলে দাওয়াইও দিয়েছেন তিনি। তার মতে,গরুর গলকম্বল বা পিঠের কুঁজে হাত বোলালে রক্তচাপ দ্রুত নেমে আসে।’
মঙ্গলবার দিলীপ জানান, গরুর গোবরেও রোগ নিরাময়ের ক্ষমতা রয়েছে। নিজের এক আত্মীয়ের উদাহরণ টেনে তার মন্তব্য, শরীরের ফোলা অংশে গরুর গোবর লাগানোর পর অসুখ কমে গিয়েছিল।
২০১৯ সালে বিজেপির রাজ্য সভাপতি থাকাকালীন দিলীপ জানিয়েছিলেন , গরুর দুধে সোনা আছে। এক জনসভায় তিনি দাবি করেছিলেন, দেশি গরুর কুঁজে এক ধরনের স্বর্ণনাড়ি থাকে, যার সাহায্যে সূর্যের আলো থেকে গরু সোনা তৈরি করতে পারে। তাই দেশি গরুর দুধে সোনার মতো উপাদান বা হলুদ আভা থাকে। করোনাকালে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে গোমুত্রের জুড়ি মেলা ভার বলেছিলেন দিলীপ। এ সব মন্তব্য নিয়ে ব্যাপক বিতর্কও তৈরি হয় তখন। পাল্টা দিলীপের মন্তব্য ছিল আসলে গাধারা কখনও গরুর মর্ম বুঝবে না। শুধু দিলীপ ঘোষ নন, বিজেপির অনেক নেতাই গরু নিয়ে এই ধরনের মন্তব্য করেন।
