নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাসুদ উদ্দিনকে

ফন্ট সাইজ:

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রায় ১২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিনকে সকালে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ গত ২৫শে মার্চ আদালতে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়, মাসুদ উদ্দিনসহ সংশ্লিষ্টরা যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে মালয়েশিয়ায় ৭ হাজার ১২৪ কর্মী পাঠানোর নামে নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায় করেন। এভাবে মোট ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

দুদকের আবেদনে আরও বলা হয়, গত ১১ই মার্চ এ ঘটনায় মামলা দায়ের করা হয়। তদন্ত চলমান থাকায় তিনি জামিনে মুক্তি পেলে তদন্ত কার্যক্রমে প্রভাব ফেলতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

এর আগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মানব পাচার সংক্রান্ত এক মামলায় গত ২৩শে মার্চ দিবাগত রাতে ঢাকার বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আরও কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং বিভিন্ন দফায় রিমান্ডে নেয়া হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন