উখিয়ায় আওয়ামী লীগের পরিত্যক্ত অফিস চালু

উখিয়ায় আওয়ামী লীগের পরিত্যক্ত অফিস চালু

ফন্ট সাইজ:

কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় কক্সবাজারের উখিয়ায় আবারো চালু করা হয়েছে আওয়ামী লীগের একটি পরিত্যক্ত অফিস। চালু হওয়া অফিসটি পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের। বুধবার সকালে অফিসটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে বসার উপযোগী করা হয়। এর আগের দিন মঙ্গলবার অফিসটি পরিদর্শন করেন পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা সাংগঠনিক সম্পাদক এম.এ মনজুর। এ-সংক্রান্ত ছবি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে তিনি লিখেন, বুধবার সকাল থেকে আওয়ামী লীগের অফিসের পরিষ্কারের কাজ শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ। ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অফিসটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের মধ্যদিয়ে বিএনপি ক্ষমতা গ্রহণের পর এ অফিসটি পুনরায় খোলা হলো। অফিস সচল হওয়ার খবর ছড়িয়ে পড়লে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আড়ালে থাকা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী সেখানে গিয়ে পরিদর্শন করেন। পরে তারা ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। এ বিষয়ে জানতে চাইলে মনজুর বলেন, প্রথম দিন অফিসে গিয়ে দেখি বসার মতো কিছু নেই। চেয়ার-টেবিল, বঙ্গবন্ধুর ছবি সব ভাঙচুর করা হয়েছে। কোনো শঙ্কা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আশঙ্কা আছে বলে মনে হয় না। অফিস খুলেছি, দেখি কী হয়। উখিয়া উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের অন্য কোনো অফিস চালুর খবর পাওয়া যায়নি। এদিকে অফিস চালু হওয়ায় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হলেও ছাত্রজনতার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। এ প্রসঙ্গে ক্ষমতাসীন দল বিএনপি’র পালংখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন চৌধুরী বলেন-আমিও ফেসবুকে দেখেছি তারা অফিস খুলেছেন। আমাদের করণীয় কী, তা উপজেলা নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে জানানো হবে। গণ-অভ্যুত্থানের ভিত্তিতে গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উপজেলা আহ্বায়ক আকতার হোসাইন বলেন, চব্বিশের জুলাইয়ে গণহত্যার দায়ে নিষিদ্ধ হওয়া রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ। দেশের আইন অনুযায়ী নিষেধাজ্ঞা বহাল থাকা পর্যন্ত তারা কোনো রাজনৈতিক-সাংগঠনিক কার্যক্রম চালাতে পারে না। তিনি আরও বলেন, প্রশাসনের নাকের ডগায় এ ধরনের কর্মকাণ্ড আইনবিরোধী। উখিয়া থানার ওসি নুর আহমদ বলেন, কে কোথায় অফিস খুলেছে, আমি দেখিনি। এ বিষয়ে কিছু জানি না।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন