পটুয়াখালীর গলাচিপার চরকাজল লঞ্চঘাট টার্মিনাল এলাকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়া যুবক হাসান হাওলাদার (২৮)’র এখনো সন্ধান মেলেনি। ঘটনার প্রায় ২২ ঘণ্টা পার হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ হাসান গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফুলখালী গ্রামের বাসিন্দা ও নুরু হাওলাদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকাল ৫টার দিকে হাসান তার বোন জামাই ইলিয়াসসহ আরও কয়েকজন আত্মীয়ের সঙ্গে চরকাজল থেকে গলাচিপায় ফিরছিলেন। পথে লঞ্চঘাট টার্মিনালে নেমে তিনি বাথরুমে যান। সেখান থেকে ফেরার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই রাতভর অনুসন্ধান চালানো হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকালে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল, নৌ-পুলিশ এবং স্থানীয়দের সমন্বয়ে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত নদীতে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। নৌ-পুলিশের রাঙ্গাবালী ফাঁড়ির সাব-ইন্সপেক্টর রতন জানান, নিখোঁজের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। তাদের সঙ্গে ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে নদীতে জাল টেনে ও ডুবুরি নামিয়ে তল্লাশি চালাচ্ছে। গলাচিপা থানার ওসি মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়েছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
নদীতে পড়ে নিখোঁজের ২২ ঘণ্টা পেরোলেও সন্ধান মেলেনি হাসানের
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
