বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের সঙ্গে আকিদা, বিশ্বাস ও চিন্তাগত মতপার্থক্য পূর্ব থেকেই বিদ্যমান এবং তা স্ব স্ব অবস্থানে বহাল রয়েছে। তবে এই রাজনৈতিক সমন্বয় কোনোভাবেই আকিদাগত বা আদর্শিক ঐক্য নয়; বরং বৃহত্তর জাতীয় প্রেক্ষাপটে একটি কৌশলগত রাজনৈতিক ঐক্য। গতকাল চট্টগ্রামের বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এর আগে শাপলা স্মৃতি সংসদ প্রকাশিত হেফাজতে ইসলামের শহীদদের জীবনীভিত্তিক স্মারকগ্রন্থ ‘শহীদনামা’ হাদিয়া হিসেবে হেফাজত আমীরকে প্রদান করেন মামুনুল হক। মামুনুল হক বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই বিভিন্ন মত ও পথের রাজনৈতিক দলগুলোকে নিয়ে ১১ দলীয় নির্বাচনী ঐক্য গঠন করা হয়েছে। আকিদার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য একটি মহল অপচেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, এ জোটে এমন কিছু দলও রয়েছে, যারা রাষ্ট্রক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠার প্রশ্নে ভিন্নমত পোষণ করে। তবে বর্তমান জাতীয় পরিস্থিতির প্রয়োজনেই এই রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে। তিনি বলেন, হেফাজতে ইসলামের আমীর যে কোরআন-সুন্নাহভিত্তিক চিন্তা, বিশ্বাস ও আকিদার কথা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসসহ হেফাজতের শরিক সংগঠনসমূহ দৃঢ়ভাবে সেই আকাবির-আসলাফের ধারাকেই ধারণ করে।
মামুনুল হক আরও বলেন, হেফাজতে ইসলাম পূর্বসূরিদের আদর্শ অনুসরণ করে কোরআন-সুন্নাহর ভিত্তিতে পরিচালিত একটি ঐক্যবদ্ধ শক্তি। আগামী দিনে দেশ ও ইসলামের স্বার্থে, ইসলামের ওপর দেশীয় বা আন্তর্জাতিক যেকোনো আঘাতের বিরুদ্ধে হেফাজতে ইসলাম অতীতের মতো দৃঢ়তার সঙ্গে মাঠে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। এ সময় আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, ‘আজ পরিষ্কার হয়ে গেছে, আমরা এক। হেফাজতে ইসলামের মধ্যে কোনো বিভক্তি নেই।’ এ সময় আরও উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা জাসিমউদ্দীন, মাওলানা আলী উসমান, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ প্রমুখ।
