ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পিছিয়েছে। এ নিয়ে ১৪ বারের মতো প্রতিবেদন দাখিলের সময় বাড়লো। আদালত আগামী ৭ই জুন নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার বর্তমান তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে পারেনি। পরে আদালত নতুন এ তারিখ ধার্য করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন শহীদ শরীফ ওসমান বিন হাদি। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত বছরের ১২ই ডিসেম্বর রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে স্থানান্তর করা হয় এভারকেয়ার হাসপাতালে। উন্নত চিকিৎসার জন্য ১৫ই ডিসেম্বর এয়ার এম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ই ডিসেম্বর রাতে তিনি মারা যান।
এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ১৪ই ডিসেম্বর পল্টন মডেল থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। পরে হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়। গত ৬ই জানুয়ারি মামলার তৎকালীন তদন্তকারী সংস্থা ডিএমপি’র গোয়েন্দা বিভাগ (ডিবি) ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। তবে ১৫ই জানুয়ারি মামলার বাদী ওই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দেন। পরে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।
