সেমিফাইনালে পাকিস্তানকে পেলো গ্রুপ-সেরা বাংলাদেশ

নারী এশিয়া কাপ রাইজিং স্টারস

সেমিফাইনালে পাকিস্তানকে পেলো গ্রুপ-সেরা বাংলাদেশ

ফন্ট সাইজ:

থাইল্যান্ডে দাপট দেখাচ্ছে বাংলাদেশ ‘এ’ নারী ক্রিকেট দল। নারী এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে তারা হ্যাটট্রিক জয় পেয়েছে। গতকাল ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ৯০ রানের বড় ব্যবধানে হারায় ফাহিমা খাতুনের দল। গ্রুপ পর্বে তিন ম্যাচের সবক’টিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে শেষ চারে পৌঁছালো বাংলাদেশ। ফাইনালে উঠার লড়াইয়ে আগামীকাল দুপুর ১টায় পাকিস্তান ‘এ’ নারী দলের বিপক্ষে খেলতে নামবে লাল-সবুজ প্রতিনিধিরা। এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৪ রানে হারায় বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে। টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক ফাহিমা খাতুন। শুরুটা আশানুরূপ না হলেও অভিজ্ঞ লতা মণ্ডলের ব্যাটে শক্ত ভিত পায় দল। পাঁচে নামা লতা ৪৪ বলে ৪৮ রানের দায়িত্বশীল এক ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৪ বাউন্ডারি। লতাকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক ফাহিমা। দু’জনে মিলে পঞ্চম উইকেটে গড়েন ৫৫ রানের জুটি। ফাহিমা ২৪ বলে ২৯ রান করে বিদায় নিলেও লতার ব্যাটিং দৃঢ়তায় ১৫১ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। এ ছাড়া শারমীন সুলতানার ব্যাট থেকে আসে ৩০ রান। ইনিংসের শেষ ৫ ওভারে ৫৪ রান তুলে বাংলাদেশের মেয়েরা। ১৫২ রানের লক্ষ্যে খেলতে নেমে তেমন লড়াই করতে পারেনি মালয়েশিয়া। টাইগ্রেস পেসারদের তোপের মুখে পড়েন মালয়েশিয়ার ব্যাটাররা। ৩০ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে। মালয়েশিয়ার ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেয়ার নেপথ্যে ছিলেন নবাগত বাঁহাতি স্পিনার ফাতেমা জাহান। স্বীকৃত ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচকে স্মরণীয় করে রাখেন তিনি। মাত্র ১০ রান খরচায় তুলে নেন ৩ উইকেট। অফ স্পিনার শরীফা খাতুনও ছিলেন দুর্দান্ত। ১৩ রানে তিনি নেন ২ উইকেট। মালয়েশিয়ার হয়ে একমাত্র নুর আরিয়ানা নাতসিয়া (২২*) ছাড়া আর কেউই দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। পুরো ২০ ওভার খেললেও ৯ উইকেটে মাত্র ৬১ রানে মালয়েশিয়ার ইনিংস থমকে যায়। অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচসেরার পুরস্কার জেতেন লতা মণ্ডল। ব্যাটিংয়ের পাশাপাশি ২ ওভারে মাত্র ২ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। নারী এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের গ্রুপপর্ব শেষে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক লতা মণ্ডল। তিন ম্যাচে তার সংগ্রহ ৭৮ রান। সমান সংখ্যক ম্যাচে ৬০ রান করে দুইয়ে শারমিন সুলতানা। অধিনায়ক ফাহিমা খাতুন তালিকার তিনে আছেন। তার সংগ্রহ ৪৯ রান। বোলিং বিভাগে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার শরীফা খাতুন। তিন ম্যাচে তার শিকার ৫ উইকেট। সানজিদা আক্তার মেঘলা ও ফাহিমা খাতুন দু’জনেই ৪ উইকেট করে শিকার করেন। আট দল নিয়ে চলমান নারী এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। রোববার ফাইনালের মধ্য নিয়ে পর্দা নামবে এশিয়ার মেয়েদের এ ক্রিকেট উৎসব।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন