ছেলেকে দেখতে এসে আক্রান্ত বাবাও

সরজমিন শিশু হাসপাতাল

ছেলেকে দেখতে এসে আক্রান্ত বাবাও

ফন্ট সাইজ:

হামে আক্রান্ত ছেলেকে দেখতে এসে নিজেও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক প্রবাসী বাবা। ২ মাস ধরে ছেলেকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন তার স্ত্রী মরিয়ম খাতুন। বর্তমানে বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটে তার শিশু সন্তান চিকিৎসাধীন আছে। ১০ দিন আগে ছেলেকে দেখতে দেশে আসেন দুবাই প্রবাসী রুহুল আমিন সবুজ। ৩ দিন পর তার পাতলা পায়খানা, জ্বর ও শরীরে চাকা-চাকা র‌্যাশ দেখা দেয়।

বর্তমানে তিনি নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। বাবা-ছেলে দুই জায়গায় দু’টি হাসপাতালে চিকিৎসাধীন। নেই দেখাশোনার মানুষ। ছোট বোনকে নিয়ে হাসপাতালে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন মরিয়ম। ঢাকায় নেই নিকটাত্মীয়। হোটেলের খাবারই তাদের ভরসা। দিনের পর দিন হাসপাতালে থাকতে থাকতে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। তার ওপর স্বামীও হাসপাতালে ভর্তি। কী করবেন ভেবে উঠতে পারছেন না। এভাবেই মানবজমিনের কাছে নিজের অসহায়ত্বের বর্ণনা দিচ্ছিলেন মরিয়ম।
ভুক্তভোগী পরিবার জানায়, নোয়াখালী চৌমুহনী উপজেলার সবুজ ও মরিয়ম দম্পতির ২ বছর বয়সী ছেলে আবদুল আহাদ। দুই মেয়ের পর জন্ম হয় আহাদের।

আদুরে ছেলেকে ২ মাস আগে ঠান্ডাজনিত কারণে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১ সপ্তাহের মতো ভর্তি রাখা হয়। চিকিৎসক জানান, নিউমোনিয়ায় আক্রান্ত। পরিস্থিতির উন্নতি না হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় ১ মাস চিকিৎসা নেয়। তবুও অবস্থার উন্নতি হয়নি। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা ঢাকায় ভর্তি করার পরামর্শ দেন। এরপর তাকে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এখানে প্রায় ১৫ দিন থেকে চিকিৎসাধীন রয়েছে শিশু আহাদ। প্রথমে সাধারণ ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখান থেকে হামে আক্রান্ত হয় আহাদ। এরপর তাকে হাম ইউনিটে ভর্তি করা হয়। ১০ দিন আগে ছেলেকে দেখতে দেশে ফিরেন প্রবাসী সবুজ।

মরিয়ম খাতুন মানবজমিনকে বলেন, বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটে ভর্তি করি। এখানে সাধারণ ওয়ার্ডে থাকতেই হামে আক্রান্ত হয়। বর্তমানে হাম ওয়ার্ড থেকে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি বলেন, ঢাকায় আমাদের পরিচিত তেমন কেউ নেই। ছোট বোনকে নিয়ে এসেছি। হাসপাতাল থেকে খাবার দেয়। কিন্তু দু’জন মানুষ হওয়ায় হোটেল থেকে খাবার আনতে হয়। আমাদের সঙ্গে কোনো ছেলে নাই। শ্বশুর বয়স্ক মানুষ। এজন্য আমার স্বামী বিদেশ থেকে চলে আসে। এখন উনিও হামে আক্রান্ত হন। চিকিৎসকরা তাকে ঢাকায় ভর্তি করতে বলে। কিন্তু এখানে তাকে দেখবে কে? আমি ছেলেকে দেখবো নাকি স্বামীকে? এজন্য তাকে নোয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরিয়ম বলেন, খাবারটা এনে দেয়ার মতো মানুষও নেই আমাদের। টানা দুই মাস এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছি। এখন নিজেকেই রোগী মনে হয়। কবে সুস্থ হবে তাও জানি না।

দুবাই প্রবাসী রুহুল আমিন সবুজ মুঠোফোনে মানবজমিনকে বলেন, একমাত্র ছেলে দীর্ঘদিন থেকে অসুস্থ। স্ত্রী একা সবকিছু সামলাতে হিমশিম খাচ্ছিল। এজন্য দেশে চলে আসি। এখন আমি নিজেই হামে আক্রান্ত। তিনি বলেন, প্রথমে পাতলা পায়খানা আর জ্বর দেখা দেয়। তখন ভেবেছিলাম ঠান্ডা লেগেছে হয়তো। পরে শরীরে র‌্যাশ উঠতে থাকে। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হই। চিকিৎসকরা ঢাকায় ভর্তি হতে বলেছিলেন। কিন্তু এখানে দেখার মতো মানুষ নাই। এজন্য নোয়াখালীতে এসে ভর্তি হয়েছি। বয়স্ক বাবাই আমার দেখাশোনা করেন।




ট্যাগসমূহ:

মাসুদ আলম

২ মাস আগে

আল্লাহ কে ডাকেন। যারা ইউনুস সরকার কে বসিয়েছে, এবং এখনো তার বিরুদ্ধে মামলা করেনি তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বলেন্।

মন্তব্য করুন