রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলো- মো. মোস্তাকিন মিয়া ওরফে মোস্তাকিম ওরফে আরমান (২১), শেখ ফয়সাল (২৪) ও মো. আরিফ মিয়া (৩০)।
বুধবার রাত সাড়ে তিনটার দিকে যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় চত্বর এলাকায় তাদের গ্রেপ্তার করা হয়। ডিবি মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, ডিবি-মতিঝিল বিভাগের টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় চত্বর এলাকায় মাদক বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ঐ স্থানে অভিযান পরিচালনা করে ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৭০ হাজার টাকা। এসময় তাদের হেফাজত থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপি’র যাত্রাবাড়ী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। ডিবি মতিঝিল বিভাগ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো।
