মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতেই চলবে: নতুন আইনমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতেই চলবে: নতুন আইনমন্ত্রী

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতেই চলবে বলে জানিয়েছেন নতুন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। দায়িত্ব গ্রহণের পর বুধবার সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, ‘তবে আইনের অপব্যবহার হলে সরকার খতিয়ে দেখবে।’

আসাদুজ্জামান বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের যে বিষয়, আইন তার নিজস্ব গতিতে চলবে, আমরা সেভাবেই দেখবো। তবে আইনের যদি কোনো অপব্যবহার হয়ে থাকে সেটাও আমরা দেখবো।’

বর্তমান সরকারের ওপর সাধারণ মানুষের ‘পাহাড়সমান প্রত্যাশা পূরণ’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সেই প্রত্যাশা পূরণ করতে আমরা নিরন্তরভাবে কাজ করে যাব।’

এর আগে গতকাল মঙ্গলবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভা গঠিত হয়। এতে আইনমন্ত্রীর দায়িত্ব পান মো.আসাদুজ্জামান।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয়ের পর পঞ্চমবারের মতো সরকার গঠন করেছে বিএনপি। প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি।

অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন করেছেন নতুন প্রধানমন্ত্রী। এ ছাড়া মন্ত্রী মর্যাদায় ৫ জন উপদেষ্টা ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ৫ জনকে উপদেষ্টা নিয়োগ দিয়েছেন তিনি। মন্ত্রিসভার সদস্যদের মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জনকে প্রতিমন্ত্রী করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন