একদম হুট করেই ঢাকায় এসেছেন জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিল। এক সময়ের অন্যতম সেরা এই মিডফিল্ডারকে হঠাৎ বাংলাদেশে দেখে রীতিমত শোরগোল পড়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
জানা গেছে, আগামীকাল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে সেখানে একটি ইফতারে অংশ নেবেন রিয়াল মাদ্রিদের এ সাবেক তারকা। আজ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্তুজা মেডিকেল সেন্টারের নতুন একটি প্রজেক্টের উদ্বোধন করার কথা রয়েছে ওজিলের। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তুর্কি সরকারের আওতাধীন ‘টীকা’ নামের একটি প্রজেক্ট শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের বেশকিছু উন্নয়নমূলক কাজে ঢাবি প্রশাসনকে সাহায্য করছে। মূলত এই প্রজেক্টের উদ্বোধনেই ঢাবিতে এসেছেন ৩৭ বছর বয়সী ওজিল।
গতকাল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপের সঙ্গে বাংলাদেশে পা রাখেন ওজিল। আগামীকাল রোহিঙ্গা ক্যাম্পে একটি ইফতারে অংশ নিয়ে রাতেই দেশ ছাড়ার কথা তাদের।
