টানা চার জয়, সুপার এইটে ভারতকে পেলো দক্ষিণ আফ্রিকা

টানা চার জয়, সুপার এইটে ভারতকে পেলো দক্ষিণ আফ্রিকা

ফন্ট সাইজ:

গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচেও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সুপার এইট নিশ্চিত হয়েছে আগেই। আজ দিল্লিতে ৬ উইকেটের জয়ে পরবর্তী পর্বে ভারতকে পেয়েছে প্রোটিয়ারা।

অরুণ জেটলি স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১২২ রান তোলে আরব আমিরাত। ৪০ বল বাকি থাকতেই ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় গতবারের ফাইনালিস্টরা। এ নিয়ে গ্রুপপর্বের চার ম্যাচের সবগুলোতেই জিতলো দক্ষিণ আফ্রিকা। এদিন জেসন স্মিথ, কেনা মাফাকা ও আনরিখ নরকিয়েকে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলার সুযোগ দেয় তারা, ফেরানো হয় জর্জ লিন্ডেকে। বিশ্রাম দেয়া হয় ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ ও লুঙ্গি এনগিডিকে।

লক্ষ্য তাড়ায় পাওয়ার প্লেতে ২ উইকেটে ৫৬ রান তোলে দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করাম (১১ বলে ২৮) ও কুইন্টন ডি ককের (১৬ বলে ১৪) উদ্বোধনী জুটি বেশি বড় হয়নি। রায়ান রিকেলটন (১৬ বলে ৩০) ও ডেওয়াল্ড ব্রেভিস (২৫ বলে ৩৬) ম্যাচ শেষ করে আসার পথেই ছিলেন। তবে ৬ বলের ব্যবধানেই বিদায় নেন দু’জনই। ৬ ও ৩ রানে অপরাজিত থেকে জয় তুলে নেন যথাক্রমে ত্রিস্তান স্টাবস ও জ্যাসন স্মিথ।

এর আগে পাওয়ার প্লে’র শেষ দুই ওভারে আরব আমিরাতের দুই উইকেট তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে লড়াই করেন শুধু তিনে নামা আলিশান শারাফু। ৩৮ বলে ৪৫ রান করে অষ্টাদশ ওভারে তার বিদায়ের পর কেবল ১০ রান যোগ করতে পারে আরব আমিরাত। এদিন প্রোটিয়া ফিল্ডাররা চারটি ক্যাচ ছাড়লেও সুযোগ কাজে লাগাতে পারেনি আরব আমিরাতের ব্যাটাররা। ৪ ওভারে স্রেফ ১২ রান দিয়ে তিন ৩ উইকেট নেন করবিন বশ, ২টি নেন আনরিখ নরকিয়ে।

আগামী রোববার সুপার এইটের ম্যাচে ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন