এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার বিদায় নিশ্চিত হয়ে গেছে। ১৭ বছর পর এই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিলো অজিরা। টুর্নামেন্ট থেকে অস্ট্রেলিয়ার এমন বিদায়ে সবচেয়ে বড় আলোচনার খোরাক হয়ে দাঁড়িয়েছে স্টিভ স্মিথকে নিয়ে করা অদ্ভূত সিদ্ধান্ত।
চোট পাওয়া জশ হ্যাজেলউডের বদলি হিসেবে স্মিথকে অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে নেওয়া হলেও শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মড়ার লড়াইয়ে তাকে একাদশে রাখেনি টিম ম্যানেজমেন্ট। অথচ কিছুদিন আগে শেষ হওয়া বিগ ব্যাশ লীগে ফর্মে ছিলেন স্মিথ। ১৭০ স্ট্রাইকরেটে তিনি ব্যাটিং করেন। অজিদের এমন সিদ্ধান্তে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) ট্রল করে পোস্ট করেচে আইসল্যান্ড ক্রিকেট। তারা লিখেছে, ‘স্টিভ স্মিথের জন্য এই বিশ্বকাপের সবচেয়ে ভালো দিক ছিল বিমানবন্দরের ডিউটি-ফ্রি শপ। আমরা তাকে আরও ভালো মর্যাদা দিতাম, প্রয়োজনে তার মূর্তি বানাতাম এবং সারাজীবন মাছ উপহার দিতাম। মাঝে মাঝে সেরা সম্পদরাই অবহেলিত হয়।’
টুর্নামেন্টজুড়ে অস্ট্রেলিয়া ছিল নিজের ছায়া হয়ে। ১১ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডকে হারিয়ে শুরুটা ভালো করলেও ১৩ ফেব্রুয়ারি জিম্বাবুয়ে এবং ১৬ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কাছে হেরে খাদের কিনারায় চলে যায় তারা। শেষ পর্যন্ত ভাগ্যও সহায় হয়নি।
