উয়েফা চ্যাম্পিয়নস লীগের নকআউট পর্বের প্লে-অফে গতকাল বেনফিকার মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। বেনফিকার ঘরের মাঠে হওয়া সেই ম্যাচে ১-০ গোল ব্যবধানে জয় পায় স্প্যানিশ জায়ান্টরা। এর আগে লীগ পর্বের শেষ ম্যাচে রিয়ালকে ৪-২ গোলে হারিয়ে প্লে-অফে জায়গা করে নেয় বেনফিকা। সেই হারের প্রতিশোধই নিলো রিয়াল। তবে মাঠের লড়াই ছাপিয়ে আলোচনার কেন্দ্রে বর্ণবাদ। বেনফিকার মাঠে বর্ণবাদী আচরণের শিকার হওয়ার অভিযোগ তোলেন রিয়াল তারকা ভিনিসিয়ুস জুনিয়র। এর প্রতিবাদে রিয়ালের খেলোয়াড়রা একযোগে মাঠ ছেড়ে বেরিয়ে গেলে প্রায় ১০ মিনিট খেলা বন্ধ থাকে।
ম্যাচের ৫০ মিনিটে দুর্দান্ত এক গোলে রিয়াল মাদ্রিদকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ভিনিসিয়ুস। গোলের পর কর্নার ফ্ল্যাগের কাছে নিজের চিরচেনা ঢঙে নাচতে শুরু করলে গ্যালারি থেকে তার দিকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুড়ে মারা হয়। এ সময় ‘অতিরিক্ত উদযাপনের’ অজুহাতে রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার ভিনিসিয়ুসকে উল্টো হলুদ কার্ড দেখান, যা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে।
ম্যাচ চলাকালে বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান ভিনি। ব্রাজিলিয়ান এই তারকার অভিযোগ, প্রেস্তিয়ান্নি তাঁকে বর্ণবাদী গালি দিয়েছেন। ভিনির অভিযোগের প্রেক্ষিতে রেফারি ফিফার নতুন প্রবর্তিত বর্ণবাদবিরোধী বিশেষ ‘ক্রস আর্মস’ (দুই হাত দিয়ে বুকের ওপর ক্রস চিহ্ন) সংকেত দেখান। তবে ভিনির সমর্থনে রিয়াল মাদ্রিদের সব খেলোয়াড় মাঠ ছেড়ে চলে গেলে ম্যাচটি ১০ মিনিটের জন্য থমকে যায়। পরে পরিস্থিতি শান্ত হলে ৬০ মিনিটের মাথায় আবারও খেলা শুরু হয়।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ক্ষোভ উগরে দিয়েছেন ভিনিসিয়ুস। তিনি লিখেছেন, ‘বর্ণবাদীরা মূলত কাপুরুষ। তারা এতটাই দুর্বল যে তাদের মুখ ঢেকে রাখতে হয়। দুঃখের বিষয় হলো, যাদের দায়িত্ব এদের শাস্তি দেওয়া, তারাই এদের সুরক্ষা দিচ্ছে।’
