মেসি-রোনালদোদের পাশে থেকেই ইতি টানতে পারেন ওচোয়া

মেসি-রোনালদোদের পাশে থেকেই ইতি টানতে পারেন ওচোয়া

ফন্ট সাইজ:

সাড়া বছর কোনো খোঁজ নেই, কোনো খবরের শিরোনামে নেই। তবে এক-একটি বিশ্বকাপ আসরের আগে যে নামটি মহাপ্রাসঙ্গিক হয়ে ওঠে, তিনি গিলের্মো ওচোয়া। প্রতি বিশ্বকাপে একাই যেন চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে পড়েন মেক্সিকোর গোলপোস্টের সামনে। সেই ওচোয়া এখন বিশ্বকাপের ইতিহাসের এক মহাকাব্যিক সমাপ্তির দ্বারপ্রান্তে। ৪০ বছর বয়সী এই তারকা নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলার স্বপ্নে বিভোর। আগামী মাসে বিশ্বকাপে মাঠে নামলেই লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর মতো কিংবদন্তিদের গড়া এই অনন্য মাইলফলকের অংশীদার হবেন ওচোয়া।

জাতীয় দলের অনুশীলন শিবিরে যোগ দিয়ে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় ওচোয়া জানান, সম্ভবত এটিই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এবারের আসরের জন্য কোচ হাভিয়ের আগুইরের মূল স্কোয়াডে ওচোয়ার থাকাটা এখন সময়ের ব্যাপার মাত্র। নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ওচোয়া লেখেন, ‘এই জার্সি গায়ে জড়ানো আমার কাছে কখনওই সাধারণ কোনো রুটিন ছিল না... এটি একটি পরম সম্মান। আজ আমার জীবনের শেষ অনুশীলন শিবির শুরু হলো। তবে এবার আমি সবকিছু ভিন্ন চোখে দেখছি। অজস্র স্মৃতি, কিছু ক্ষত, আর সেই ছোটবেলার মতো বুকভরা উত্তেজনা নিয়ে আমি এই ব্যাজটিকে রক্ষা করতে চাই।’

ওচোয়া আরও লেখেন, ‘আমি ভুলে যাওয়ার মতো অনেক রাত কাটিয়েছি, অগণিত ম্যাচ খেলেছি। এখনও জাতীয় সংগীত শুনলে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। মেক্সিকো যখনই আমাকে ডাকে, আমার ভেতরের সত্তাটি নতুন করে জেগে ওঠে।

বর্তমানে সাইপ্রাসের ক্লাব এএল লিমাসোলের হয়ে খেলা ওচোয়া ২০০৬ জার্মানি বিশ্বকাপ থেকে শুরু করে টানা পাঁচটি আসরে মেক্সিকোর প্রতিনিধি হিসেবে থেকেছেন। ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে তার অতিমানবিক সেভগুলো অথবা ২০২২ বিশ্বকাপে রবার্ট লেভানদোভস্কির পেনাল্টি রুখে দেয়ার সেই দৃশ্য হয়তো এখনও চোখে ভাসে ফুটবল ভক্তদের। সম্প্রতি মেক্সিকান ব্রডকাস্টার টিইউডিএন-কে দেয়া এক সাক্ষাৎকারে ওচোয়া ইঙ্গিত দেন, এই বিশ্বকাপের পরেই তিনি গ্লাভস জোড়া তুলে রাখতে পারেন।

বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে মেক্সিকো তিনটি প্রীতি ম্যাচ খেলবে মেক্সিকো। আগামী ২২শে মে ঘানার বিপক্ষে প্রথম ম্যাচ। এরপর ৩০শে মে অস্ট্রেলিয়া ও ৪ঠা জুন সার্বিয়ার সঙ্গে খেলবে এবারের সহ-আয়োজকরা। এরপর আগামী ১১ই জুন গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেক্সিকোর বিশ্বকাপ অভিযান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন