হামের টিকা: সরকার বাস্তবায়ন সক্ষমতা প্রমাণ করেছে

হামের টিকা: সরকার বাস্তবায়ন সক্ষমতা প্রমাণ করেছে

ফন্ট সাইজ:

বাংলাদেশ সম্প্রতি কিছু অঞ্চলে হাম রোগের প্রাদুর্ভাবের মুখোমুখি হলেও, পরিস্থিতি মোকাবিলায় সরকার অত্যন্ত দ্রুত, সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার যেভাবে জরুরি ব্যবস্থা নিয়েছে, তা আন্তর্জাতিক অঙ্গনেও একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত হতে পারে।

হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। টিকাদানের সামান্য ঘাটতিও দ্রুত সংক্রমণ ছড়িয়ে দিতে পারে। অতীতের অব্যবস্থাপনা, সময়মতো টিকা সংগ্রহে বিলম্ব এবং কিছু অঞ্চলে রুটিন টিকাদান কর্মসূচির দুর্বলতা পরিস্থিতিকে জটিল করে তোলে। তবে বর্তমান সরকার শুরু থেকেই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত জাতীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে।

পরিস্থিতি মূল্যায়নের পরপরই সরকার উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানসমূহ—বিশেষ করে UNICEF, World Health Organization এবং Gavi, the Vaccine Alliance—এর সঙ্গে জরুরি আলোচনা শুরু করে। অতি স্বল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় হাম টিকা, সিরিঞ্জ, কোল্ড চেইন সরঞ্জাম এবং অন্যান্য লজিস্টিক সহায়তা নিশ্চিত করা হয়। সরকারের এই দ্রুত কূটনৈতিক ও প্রশাসনিক তৎপরতা দেশের জন্য একটি বড় সাফল্য।

সবচেয়ে ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলায় জরুরি হাম টিকাদান কর্মসূচি দ্রুত চালু করা হয়। পরবর্তীতে চারটি মহানগর এলাকায় বিশেষ ক্যাম্পেইন পরিচালিত হয় এবং ধাপে ধাপে তা দেশের অন্যান্য অঞ্চলে সম্প্রসারণ করা হয়। এই দ্রুত বাস্তবায়ন সক্ষমতা দেখিয়েছে যে সঠিক নেতৃত্ব ও সমন্বয় থাকলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত কার্যকরভাবে কাজ করতে পারে।

বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো—৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের মধ্যে প্রায় ৯৮ শতাংশ কভারেজ অর্জন। বৈশ্বিক মানদণ্ডেও এটি অত্যন্ত উচ্চমানের অর্জন হিসেবে বিবেচিত হয়। অনেক উন্নত দেশেও জরুরি ক্যাম্পেইনে এ ধরনের কভারেজ নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। বাংলাদেশের মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক, স্থানীয় প্রশাসন এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ এই সাফল্যের মূল ভিত্তি।

এই কর্মসূচিকে সফল করতে সরকার শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর নির্ভর করেনি; বরং এটি একটি জাতীয় সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টা করেছে। রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, এনজিও, ধর্মীয় নেতা, গণমাধ্যম, সামাজিক সংগঠন এবং অন্যান্য বেসরকারি অংশীজনদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করা হয়। জনগণের মধ্যে সচেতনতা তৈরি, গুজব মোকাবিলা এবং অভিভাবকদের সন্তানদের টিকাকেন্দ্রে নিয়ে আসতে উৎসাহিত করতে এই সমন্বিত উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেছে।

একইসঙ্গে দেশের হাসপাতালগুলোকে পুনরায় প্রস্তুত করা হয়েছে যাতে হাম আক্রান্ত শিশুদের আলাদা করে চিকিৎসা ও আইসোলেশনের ব্যবস্থা নিশ্চিত করা যায়। শিশুদের জন্য আলাদা বেড, জরুরি ওষুধ, অক্সিজেন সহায়তা এবং সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ নির্দেশনা ও ক্লিনিক্যাল প্রোটোকলও জারি করা হয়েছে যাতে জটিলতা দ্রুত শনাক্ত ও ব্যবস্থাপনা করা যায়।

সরকার তথ্য ব্যবস্থাপনাকেও (MIS) অত্যন্ত গুরুত্ব দিয়েছে। টিকাদান কর্মসূচির অগ্রগতি, কভারেজ, ভ্যাকসিন সরবরাহ, সন্দেহভাজন রোগী শনাক্তকরণ এবং মাঠপর্যায়ের প্রতিবেদন সংগ্রহে ডিজিটাল মনিটরিং ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এর ফলে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ আরও সহজ হয়েছে। আধুনিক তথ্যপ্রযুক্তিনির্ভর এই পদ্ধতি ভবিষ্যতের জনস্বাস্থ্য ব্যবস্থাপনায়ও গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করবে।
এই অভিজ্ঞতা আবারও প্রমাণ করেছে যে স্বাস্থ্যখাতে বিনিয়োগ কেবল সামাজিক ব্যয় নয়—এটি জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার অংশ। একটি শক্তিশালী টিকাদান ব্যবস্থা, দক্ষ স্বাস্থ্য প্রশাসন এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে কার্যকর সমন্বয় থাকলে বাংলাদেশ যেকোনো জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় সক্ষম।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই সংকট মোকাবিলায় সরকার আতঙ্ক নয়, আস্থা তৈরি করেছে। দ্রুত সিদ্ধান্ত, কার্যকর বাস্তবায়ন এবং জনগণের সম্পৃক্ততার মাধ্যমে বাংলাদেশ দেখিয়েছে যে একটি সমন্বিত ও দায়িত্বশীল রাষ্ট্রব্যবস্থা কীভাবে জনস্বাস্থ্য সুরক্ষায় সফল ভূমিকা রাখতে পারে।

লেখক: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন