তিন কোম্পানি হ্যাক করলো গুগলের জেমিনি এআই

তিন কোম্পানি হ্যাক করলো গুগলের জেমিনি এআই

ফন্ট সাইজ:

সাইবার নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ের পরীক্ষায় গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জেমিনি স্বয়ংক্রিয়ভাবে তিনটি কোম্পানির সিস্টেমে হ্যাক করেছে। গুগল জানিয়েছে, কোনো এআই মডেল নিজে থেকে এভাবে হ্যাকিং চালানোর এটি প্রথম ঘটনা বলে ধারণা করা হচ্ছে। গত মে মাসে সাইবার নিরাপত্তা মূল্যায়নকারী একটি স্বাধীন প্রতিষ্ঠানের পরিচালিত পরীক্ষায় এ ঘটনা ঘটেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষার সময় জেমিনি অনলাইনে থাকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত তথ্য খুঁজে বের করে এবং অনুমান করা লগইন তথ্য ব্যবহার করে এমন ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করেছে। তবে প্রতিটি ক্ষেত্রেই মডেলটি একপর্যায়ে থেমে যায়।
গুগলের সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিদার অ্যাডকিন্স বিবিসিকে বলেন, তিনটি প্রতিষ্ঠানকেই ঘটনার বিষয়ে জানানো হয়েছে। একই সঙ্গে গুগল তাদের প্রশিক্ষণ সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছে এবং ওই প্রতিষ্ঠান পরীক্ষার প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন এনেছে।

অ্যাডকিন্স বলেন, ‘এই ঘটনাগুলো শক্তিশালী এআই মডেলগুলোকে দায়িত্বশীলভাবে কাজ করার প্রশিক্ষণ দেয়ার গুরুত্ব তুলে ধরে।’
হ্যাকিংযের এই ঘটনাটি প্রথম প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল।
এদিকে এআইয়ের স্বয়ংক্রিয় সাইবার হামলার সক্ষমতা নিয়ে উদ্বেগ বাড়ছে। এর আগে গত জুলাইয়ে অ্যানথ্রপিকের ক্লদ পরীক্ষামূলক পরিবেশ থেকে বেরিয়ে গিয়ে নিজে নিজেই তিনটি প্রতিষ্ঠানে হ্যাক করেছিল।

এর কয়েক দিন আগে ওপেনএআই জানিয়েছিল, তাদের মডেলগুলো বেশ কয়েকটি ‘সর্বসাধারণের জন্য উন্মুক্ত সেবায়’ সাইবার হামলা চালিয়েছে।
এআই প্রযুক্তির দ্রুত উন্নয়ন নিয়ে এরই মধ্যে বিশ্বজুড়ে বিতর্ক চলছে। কিছু প্রযুক্তি প্রতিষ্ঠান এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান জানিয়েছে এবং মানবজাতির জন্য সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করেছে। তবে সবাই এ অবস্থানের সঙ্গে একমত নয়।
এআই নিয়ন্ত্রণে বিধিবিধান নিয়েও আলোচনা বাড়ছে। আগামী শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সম্মান জানিয়ে হোয়াইট হাউসে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং এবং ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
পরের সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এআই বিষয়ে ব্রিফ করার কথা রয়েছে অল্টম্যানের।

শুক্রবার সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে হুয়াং বলেন, এআই উন্নয়নের ক্ষেত্রে ‘আমাদের যত দ্রুত সম্ভব এগিয়ে যাওয়া উচিত’।