ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ীদের শপথগ্রহণ অনুষ্ঠানে রিকশায় করে আসেন সাইদ উদ্দিন আহমাদ হানজালা। তিনি পীরজাদা হানজালা নামে পরিচিত। হানজালা মাদারীপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা। মঙ্গলবার বেলা পৌনে ১২টায় শপথ নিতে রাজধানীর সংসদ ভবন এলাকায় রিকশাযোগে প্রবেশ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই রিকশায় করে আসাটা ব্যাপক ভাইরাল ও প্রশংসিত হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, রিকশায় চড়ে সংসদ ভবনে প্রবেশ করছেন হানজালা। এ সময় তার নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা পাশে ছিলেন। তার সঙ্গে আরেকজন ব্যক্তিও ছিলেন রিকশায়। হানজালার বাবার নাম মুবিন উদ্দিন আহমেদ নওশিন মিয়া এবং দাদার নাম আবুল হাফেজ মোহসেন উদ্দিন আহমদ। হাজী শরীয়তুল্লাহ (রহ.) এর সপ্তম পুরুষ তিনি। তিনি পোস্টাল ব্যালটের মাধ্যমে জয় নিশ্চিত করে সংসদে আসেন।
নির্বাচনে মাদারীপুর-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ছিলেন তিনি। এই আসনের ১০২টি কেন্দ্রে হানজালা বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে রিকশা প্রতীকে পান ৬৩ হাজার ৫১১টি ভোট এবং পোস্টাল ব্যালটে ১ হাজার ৩৯৮টি ভোট। সব মিলিয়ে তিনি পান ৬৪ হাজার ৯০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র প্রার্থী নাদিরা আক্তার সরাসরি ভোটে ৬৪ হাজার ২৯১টি এবং পোস্টাল ব্যালটে ২৩৩টি ভোট পান। তার সর্বমোট ভোট ৬৪ হাজার ৫২৪টি। পোস্টাল ব্যালট ভোটে এগিয়ে জয়ী হন হানজালা। ভোটের ব্যবধান ছিল মাত্র ৩৮৫টি।
