জুলাই আন্দোলনে হত্যাসহ ১৩ মামলার মধ্যে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে ১১ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। এর মধ্যে ফারজানা রুপা ৬ ও শাকিল আহমেদকে ৫ মামলায় জামিন দেয়া হয়েছে।
সোমবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এদিন মামলায় আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। তবে তাদের দু’জনকে একটি করে মামলায় জামিন না দিয়ে রুল জারি করেছেন আদালত। ফলে সব মামলায় জামিন না হওয়ায় তারা এখনই মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। উল্লেখ্য, ২০২৪ সালের ৩১শে আগস্ট রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় সাংবাদিক দম্পতিকে কারাগারে পাঠান আদালত।
এদিকে ৪ মামলায় হাইকোর্টের একই বেঞ্চে আজ ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের রায় হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৪ই মে দিন ধার্য করা হয়েছে। এর আগে গত ১০ই মে চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করে হাইকোর্ট।
এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর থানায় করা মামলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
একইসঙ্গে রুল নিষ্পত্তি করতে বলেছেন। গতকাল আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন, আইনজীবী এম লিটন আহমেদ। উল্লেখ্য, ২০২৪ সালের ২১শে অক্টোবর দিনগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়।
