অভিযানে যাওয়া পুলিশের ওপর ছিনতাইকারীদের হামলা-গুলি

ফন্ট সাইজ:

রাজধানীর মোহাম্মদপুরে অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়েছে ছিনতাইকারীরা। সোমবার সকাল ৬টার দিকে মোহাম্মদপুর টাউন হলের পেছনে আজম রোড গলিতে ধানমণ্ডি থানা পুলিশের ওপর এই হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে সাকিব নামে এক ছিনতাইকারী আহত হয়। আটক করা হয় পলাশ ও বিপ্লব নামে আরও দুই ছিনতাইকারীকে। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ধানমণ্ডি ২৭ নম্বর এলাকায় ছিনতাইয়ের সময় পুলিশের নজরে আসে চক্রটি। পরে ধাওয়া দিলে তারা মোহাম্মদপুরের দিকে পালিয়ে যায়। তাদের পিছু পিছু টাউন হল এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা চাইনিজ কুড়াল, চাপাতি ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

ওই সময় আত্মরক্ষার্থে এক পুলিশ সদস্য পিস্তলের দু’টি ফাঁকা গুলি ছোড়ে। এরপরও ছিনতাইকারীরা হামলার চেষ্টা অব্যাহত রাখলে ওই পুলিশ সদস্য এক ছিনতাইকারীর পা লক্ষ্য করে গুলি করেন। এরপর অভিযান চালিয়ে পলাশ ও বিপ্লব নামে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল, চাপাতি, চাকু ও একটি খেলনা রিভলভার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের কয়েকজন সদস্যও সামান্য আহত হয়েছেন এবং হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি প্রশাসন) মীর আসাদুজ্জামান বলেন, রোববার রাত থেকেই আমরা মোটরসাইকেলভিত্তিক ছিনতাই চক্রের সদস্যদের ধরার চেষ্টা করছিলাম। ভোরে তারা আবার ছিনতাইয়ের চেষ্টা করলে ধাওয়া করা হয়। পরে টাউন হল এলাকায় তারা পুলিশের ওপর হামলা চালায়। এতে আমরা চার রাউন্ড গুলি করি। তিনি বলেন, চক্রটির ৫ সদস্য ছিল। এদের মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজন গুলিবিদ্ধ অবস্থায় রয়েছে। পুলিশি পাহারায় সোহ্রাওয়ার্দী হাসপাতালে তার চিকিৎসা চলছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন